টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের ৪টি স্কুলবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা লুট করার পাশাপশি তিনজন ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। তবে পুলিশ সুপার ডাকাতির বিষয়টি স্বীকার করলেও শ্লীলতাহানির বিষয়ে কোন কথা বলেননি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলাার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বাদি হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা সফরের জন্য চারটি বাস নিয়ে নাটোরের গ্রীনভ্যালি পার্কের উদ্দেশ্য রওনা দিলে ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, বাস বাধা এলাকায় পৌঁছালে রাস্তায় গাছের গুড়ি ফেলে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুটপাট শুরু করে। ডাকাতরা নগদ দেড় লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ, ১০টি স্মার্টফোন নিয়ে যায়। এই ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন ও অভিাবক শহিদুল্লাহ তালুকদার। এসময় তিনজন ছাত্রীকে শ্লীলতাহানি করা হয় বলেও জানিয়েছেন ওই সময় বাসে থাকা একজন অভিভাবক।
টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মোট ১৮০ জন যাত্রী নিয়ে ৪টি বাস নাটোর যাওয়ার সময় ঘাটাইলে ডাকাতির কবলে পড়ে। এই ঘটনা নিয়ে মামলা হচ্ছে। খুব দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করা হবে।








