আন্তর্জাতিক

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় বহু হতাহত

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় বহু হতাহত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ৮ অক্টোবর সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের (জাকা) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গল ও বুধবার সৌদির দক্ষিণাঞ্চলীয় আভা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক এ হামলার ঘটনা ঘটে।

জাকার তথ্য অনুযায়ী, আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই নারী নিহত হয়েছেন, যাদের একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও ২৮ জন।

অন্যদিকে, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন। সেখানে পাঁচ সৌদি নাগরিকসহ আহত হয়েছেন আটজন।

যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে জাকা।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। পাশাপাশি ইয়েমেনের রাজধানী সানায় সৌদি রাজধানীতে হামলা চালানোর কাজে ব্যবহৃত একটি লঞ্চিং প্যাড ধ্বংস করে দিয়েছে জোট বাহিনী।
রিয়াদ বিমানবন্দরের কাছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জ্বালানি ট্যাংক এবং অন্যান্য সরঞ্জামের চারপাশে চলতি সপ্তাহে নতুন করে খাঁচার মতো বেড়া স্থাপন করা হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছিল, তারা ইয়েমেন থেকে রিয়াদ বিমানবন্দরের দিকে ছোড়া একটি সন্দেহভাজন হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে প্রতিহত করে ধ্বংস করেছে।

এর ঠিক একদিন পর, অর্থাৎ ১৯ সেপ্টেম্বর রিয়াদ বিমানবন্দরের কাছে অন্তত একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি সংরক্ষণ এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের সৌদি-সমর্থিত বাহিনী এবং ইরান-ঘনিষ্ঠ হুথি বাহিনীর মধ্যে সংঘাত তীব্রতর হচ্ছে; হুথিরা কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির (যা লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে) উভয় পাশের বিশাল এলাকা নিজেদের দখলে নিয়েছে।

হুথিরা বুধবার ভোরে এডেন বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য আবারও একটি সতর্কতা জারি করেছে রিয়াদের মার্কিন দূতাবাস। সেখানে সব মার্কিন নাগরিককে আরও বেশি সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয়:জাকা সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের সৌদির বিমানবন্দর হুথিদের হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…