ইতালিকে না বলাটা ‘লজ্জার’ ছিল: গার্দিওলা

কোচ নিয়োগ নিয়ে বেশ নাটকীয়তা হয়েছিল ইতালির। বাছাইপর্ব থেকে বাদ পড়ে টানা তিন বিশ্বকাপে খেলা হয়নি দেশটির, সেসময় কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান জেন্নারো গাত্তুসো। বাতিল হয় আন্দ্রে পিরলোকে নিয়োগ দেয়ার প্রক্রিয়াও। কথা হয়েছিল পেপ গার্দিওলার সঙ্গে, তিনি না বলে দেন। পরে আজ্জুরিদের কোচ হন রবার্তো মানচিনি। গার্দিওলার জন্য বেশ লজ্জার ছিল প্রস্তাব ফিরিয়ে দেয়া, জানালেন বার্সা-ম্যানসিটির সাবেক কোচ।
এক সাক্ষাৎকারে গার্দিওলা বলেছেন, ম্যানচেস্টার সিটিতে ১০ বছর থাকার পর বিরতি প্রয়োজন ছিল। এ কারণে ইতালির দায়িত্ব নেননি। কোচের পদ প্রত্যাখ্যান করতে লজ্জিত বোধ করেছিলেন। ভবিষ্যতে কোচিংয়ে ফিরতে চান, এবং সেটা যেকোনো জাতীয় দলের সাথেই।
২০১৬ থেকে ২০২৬ পর্যন্ত সিটির কোচ থাকাকালীন ৬ বার প্রিমিয়ার লিগ শিরোপা, ৩টি এফএ কাপ এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন গার্দিওলা। এক দশকে ক্লান্ত হয়ে স্বেচ্ছায় বিরতি নিয়েছেন। তার কিছুদিন পরই লিওনার্দো এবং পাওলো মালদিনি যোগাযোগ করেছিলেন গার্দিওলার সাথে।
গার্দিওলা বলেছেন, ‘এই বিষয়ে প্রথমবার কথা বলছি। তাদের সাথে কথা বলেছিলাম। ইতালিকে না বলতে আমার লজ্জা লাগছিল, ইতালির মতো একটি দেশকে, ইতালীয় জাতীয় দলকে কোচিং করানো আমার ক্যারিয়ারের অন্যতম সেরা সম্মান হতো। কিন্তু বুঝতে পারলাম আমাকে থামতে হবে। যদি তারা দুবছর আগে ফোন করত, সম্ভবত রাজি হয়ে যেতাম। কিন্তু যখন পাওলো মালদিনি এবং লিওনার্দো, যাদের খুব ভালোবাসি, আমার সাথে যোগাযোগ করলেন, তখন পরিস্থিতি এমন এক পর্যায়ে ছিল যে আমাকে থামতেই হতো।’
‘নিজের জন্য কিছুটা সময় দরকার ছিল। কোচ হিসেবে ১৮ বছর ধরে, সপ্তাহের পর সপ্তাহ ধরে প্রতি তিন দিন অন্তর ম্যাচ খেলার পর, এমন একটা মুহূর্ত আসে যখন শুধু বলতেই হয়, উফ! আমি ফিরলে, কেউ আমাকে চাইবে। আপাতত ভালোই আছি। যদি কখনও ফিরি, সেটা হবে শুধু আমার মন চাইলে।’






