গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান টুটুল ও তার ব্যক্তিগত গাড়িচালকসহ ৩ জনকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুবৃর্ত্তরা। গুরুতর আহত শাহিদুর রহমান টুটুলকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্ত্বরে ফারুক খাঁন মিলনায়তনের পাশে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান ইসলাম শোভন জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল আহত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন।
এ ঘটনার প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর বিক্ষোভকারীরা বিক্ষোভ বন্ধ করে।
মুকসুদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আজ বুধবার ভোরে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান টুটুলকে কে বা কারা পিটিয়ে আহত করেছে —এমন খবর পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের সনাক্ত করার কাজ চলছে বলেও জানান ওসি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি-সমাবেশ শেষ করে দাপ্তরিক কাজে উপজেলা পরিষদে যাওয়ার সময় পেছন থেকে একদল সন্ত্রাসী শাহিদুর রহমান টুটুলের ওপর হামলা চালায়। তারা টুটুলকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে টুটুলের বাম হাত ও বাম পায়ে আঘাত লাগে।
ঠেকাতে গিয়ে ব্যক্তিগত মাইক্রোবাসচালক উপজেলার চরপ্রশন্নদী গ্রামের ফজর আলী শেখের ছেলে আয়নাল শেখ (৩৮) এবং ওই গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে সহযোগী এনামুল খান (২৫) আহত হয়।
প্রায় ৬০ বছর বয়সী আওয়ামী লীগ নেতা শাহিদুর রহমান টুটুল মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের দাশের কান্দি গ্রামের গোলাম সারোয়ার রতন মিয়ার ছেলে। তিনি রাঘদি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।








