ভক্তদের জন্য খুলছে ‘কভি খুশি কভি গম’-এর সেই বাড়ি!

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কভি খুশি কভি গম’-এর মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ আয়োজন করেছে আবাসন বুকিং প্ল্যাটফর্ম এয়ারবিএনবি। সিনেমায় দেখানো রাইচাঁদ পরিবারের বিলাসবহুল বাড়ির আদলে তৈরি করা হয়েছে বিশেষ একটি অভিজ্ঞতার আয়োজন। এর মাধ্যমে দর্শকেরা সিনেমার পরিচিত পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন।
করণ জোহর পরিচালিত ‘কভি খুশি কভি গম’ মুক্তি পেয়েছিল ২০০১ সালের ডিসেম্বরে। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন ও কারিনা কাপুর খান অভিনীত সিনেমাটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়। পারিবারিক সম্পর্ক, আবেগ, ভালোবাসা ও বিচ্ছেদের গল্পের পাশাপাশি সিনেমাটির জমকালো সেট, গান ও পোশাক দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেয়।
সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে এয়ারবিএনবি আয়োজনটির নাম দিয়েছে ‘অ্যাট হোম উইথ দ্য রাইচাঁদস’। আগামী ১ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টার নির্দিষ্ট সময়ের জন্য এই অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন দর্শকেরা। পুরো আয়োজনের জন্য রাখা হয়েছে মাত্র ১৮০টি আসন।
আয়োজনের অংশ হিসেবে দর্শকেরা দেখতে পাবেন সিনেমার বিখ্যাত রাজকীয় সিঁড়ি, পরিবারের পড়াশোনার ঘর এবং কারিনা কাপুর খানের অভিনীত ‘পু’ চরিত্রের পরিচিত পোশাকের সংগ্রহ। পাশাপাশি থাকছে সিনেমার স্মরণীয় মুহূর্ত নিয়ে অডিও ট্যুর, পু-এর পোশাকের পুনর্নির্মিত সংগ্রহ, চরিত্রভিত্তিক প্রবেশ-চ্যালেঞ্জ এবং ভালোবাসা ও পরিবার নিয়ে নিজের অনুভূতি প্রকাশের বিশেষ ব্যবস্থা। অতিথিদের জন্য থাকবে স্মারক উপহারও।
এই বিশেষ আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন পরিচালক করণ জোহর এবং সিনেমার রোহন ও পু চরিত্রে অভিনয় করা হৃতিক রোশন ও কারিনা কাপুর খান। তবে তারা সরাসরি আয়োজনে উপস্থিত থাকবেন না।
এ প্রসঙ্গে কারিনা কাপুর খান বলেন, ‘পু’ চরিত্রটি গত ২৫ বছর ধরে তার জীবনের একটি অংশ হয়ে আছে। নতুন প্রজন্মের কাছেও চরিত্রটি সমান জনপ্রিয়তা পাচ্ছে দেখে তিনি আনন্দিত। তার মতে, পু-এর নিজস্ব ফ্যাশন, কথা বলার ধরন এবং অন্যের অনুমোদনের ওপর নির্ভর না করার মানসিকতাই চরিত্রটিকে স্বতন্ত্র করে তুলেছে।
অন্যদিকে হৃতিক রোশন বলেন,এয়ারবিএনবি-র উদ্যোগে রাইচাঁদ পরিবারের বাড়িটি নতুন করে তৈরি হতে দেখা এবং ভক্তদের সেই স্মৃতির জগতে ঘুরে বেড়ানোর সুযোগ পাওয়া সিনেমাটির ২৫ বছর পূর্তি উদ্যাপনের দারুণ একটি উপায়। এয়ারবিএনবি-র ‘অনলি অন এয়ারবিএনবি’ সিরিজের অংশ হিসেবে এই আয়োজন করা হচ্ছে। জনপ্রিয় সংস্কৃতি ও বিনোদনজগতের পরিচিত বিষয়গুলোকে বাস্তব অভিজ্ঞতায় রূপ দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য।
আয়োজনটিতে অংশ নিতে আগ্রহীদের জন্য বুকিংয়ের আবেদন শুরু হবে আগামী ২৩ নভেম্বর দুপুর ১২টায়। এয়ারবিএনবি-র নির্ধারিত কেথ্রিজি পেজের মাধ্যমে আবেদন করা যাবে। প্রতিটি বুকিংয়ে দুজন অতিথির প্রবেশ সম্পূর্ণ বিনা মূল্যে। তবে মুম্বাইয়ে যাতায়াতের খরচ অতিথিদের নিজেদের বহন করতে হবে। টেলিগ্রাফ ইন্ডিয়া






