ভারতে অনুপ্রবেশের অভিযোগে ২৩ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। এছাড়াও তাদের সাহায্য করায় দুই ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের কাছে কোনও নথিপত্র ছিল না বলে জানিয়েছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে জিআরপি।
সোমবার (২৯ জুলাই) হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাতে আগরতলা রেল স্টেশন থেকে এই বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করে জিআরপি।
রেল সূত্রে জানা যায়, গ্রেপ্তার বাংলাদেশিরা কাজের সন্ধানে ভারতে যায়। তাদের বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের সকলেই বাংলাদেশের রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। আসামের গুয়াহাটি হয়ে তারা অন্য রাজ্যে যাওয়ার চেষ্টা করছিল বলে জানানো হয়। যাত্রার জন্য ট্রেনকেই বেছে নিয়েছিল তারা।
প্রতিবেদনে বলা হয়, ট্রেনে যাত্রার সময় তাদের সাহায্য করছিল দুই ভারতীয়। তবে তাদের দেখে সন্দেহ হওয়ায় প্রথমে আটক পরে বাংলাদেশি জানতে পেরে গ্রেপ্তার করে জিআরপি। তাদের কাছে কোনও নথিপত্র ছিল না। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ ছাড়াও একাধিক ধারায় মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, আগরতলা থেকে প্রায়ই বাংলাদেশিদের অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। এর আগে, আগরতলা রেল স্টেশনে জিআরপি বেআইনিভাবে ভারত-বাংলা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার অভিযোগে ৪ বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছিল। অভিযুক্তদের সাহায্য করায় এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছিল।
তদন্তে জিআরপি জানতে পারে, ওই বাংলাদেশি নারীদের দু’জনের আহমদাবাদে যাওয়ার পরিকল্পনা ছিল। অন্য দু’জনের ট্রেনে পুনে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের সাহায্য করায় মোহাম্মদ কাশেম মিঞা নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি তাদের ভারতে অনুপ্রবেশ ও ভ্রমণের জন্য সাহায্য করেছিলেন।








