পেরুর বিপক্ষে ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র। দুর্দান্ত ছন্দে থাকা রাফিনহা ছিলেন। বার্সেলোনার ফর্ম জাতীয় দল জার্সিতে টেনে আনলেন ২৭ বর্ষী ফরোয়ার্ড, তার জোড়া গোলে পেরুকে সহজেই হারিয়েছে সেলেসাওবাহিনী।
গারিঞ্চা স্টেডিয়ামে বুধবার সকালে বিশ্বকাপের বাছাইয়ে পেরুর বিপক্ষে ৪-০তে জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। পেনাল্টি থেকে প্রথম গোলটি আদায় করেন রাফিনহা, পরে তার থেকে আসে আরও একটি পেনাল্টি গোল। অন্য দুই গোল করেছেন আন্দ্রেয়াস পেরেইরা এবং লুইজ হেনরিক।
ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে নেন রাফিনহা। ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় সেলেসাওরা।
বিরতি থেকে ফিরে বেশকটি আক্রমণ করে ব্রাজিল। ৫৪ মিনিটে দ্বিতীয় দফায় পেনাল্টি পায়। এবারও শট নেন রাফিনহা, সফলভাবে বল জালে পাঠালে ২-০তে এগিয়ে যায় দলটি।
ম্যাচের ৭১ মিনিটে পেরেইরা ও ৭৪ মিনিটে হেনরিকের দুই গোল হজম করলে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় পেরুকে।
বাছাইপর্বে ব্রাজিলের টানা দ্বিতীয় জয় এটি। ১০ ম্যাচে পাঁচ জয় নিয়ে সমান ১৬ পয়েন্টে গোলপার্থক্যে উরুগুয়ের পেছনে থেকে ব্রাজিল আছে পয়েন্ট টেবিলের চারে। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্জেন্টিনা।
১০ দলের লাতিন আমেরিকান বাছাইপর্ব থেকে শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। আন্ত-মহাদেশীয় প্লে-অফ খেলে সুযোগ আসবে সপ্তম দলটির।








