সরকার মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চারটি শিল্পে বিদ্যুৎ বিলের ২০ শতাংশ ছাড় (রিবেট) দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো উৎপাদন ব্যয় কমানো, শিল্পে বিনিয়োগ বাড়ানো এবং দেশের প্রাণিজ আমিষ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করা।
সোমবার ২৬ জানুয়ারি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রান্তিক পর্যায়ের মৎস্য খামার ও হ্যাচারি, পাশাপাশি গবাদিপশু ও পোল্ট্রি খামারে উৎপাদন ব্যয় হ্রাসের জন্য খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে ২০ শতাংশ রিবেট প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ রিবেট নীতিমালার আওতায় বর্তমানে ১৬টি খাতে ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চারটি খাতে ১০০ কোটি টাকার ভর্তুকি প্রদানের নীতিগত অনুমোদন দিয়েছে।
এই ভর্তুকির আওতায় অন্তর্ভুক্ত খাতগুলো হলো—পশু ও পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, ফিস ফিড উৎপাদন, পোল্ট্রি শিল্প, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্প (দুধ পাস্তুরিতকরণ, গুঁড়া দুধ, আইসক্রিম, কনডেন্সড মিল্ক, মিষ্টান্ন, পনির, ঘি, মাখন, চকোলেট ও দই উৎপাদন অন্তর্ভুক্ত)।
মন্ত্রণালয় আশা করছে, সরকারের এই উদ্যোগের ফলে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে, শিল্পখাতে বিনিয়োগ বাড়বে এবং দেশের মানুষ নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ পাবে।







