এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাঙ্কে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বরগুনার আমতলী উপজেলার একে স্কুল এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাঙ্কে সেন্টারিং খুলতে গিয়ে প্রাণ হারান দুই শ্রমিক। নিহতরা হলেন হলদিয়া গ্রামের জাহিদুল হাওলাদার (৩৫) এবং বেতমোর গ্রামের জাফর হাওলাদার (৫০)।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে প্রথমে জাহিদুল হাওলাদার ট্যাঙ্কের ভেতরে নামেন। কিছুক্ষণের মধ্যেই তিনি চিৎকার শুরু করলে তাকে উদ্ধার করতে নিচে নামেন জাফর হাওলাদার। কিন্তু তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ট্যাঙ্কের ভেতরের বিষাক্ত গ্যাস নিষ্ক্রিয় করে দুই শ্রমিককে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের স্বজনরা এ ঘটনায় ভবন মালিকের অবহেলাকে দায়ী করেছেন। তাদের অভিযোগ, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।
পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ।








