জনপদ

আবু সাঈদ নিহতের ঘটনায় রংপুরে ২ পুলিশ সদস্য বরখাস্ত

একজন ব্যক্তি রংপুরে পুলিশ বরখাস্তের ঘটনায় প্রতিবাদ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে একটি সড়কে একজন ব্যক্তি পুলিশ বরখাস্তের ঘটনায় প্রতিবাদ করছেন, আশেপাশে অন্যান্য মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় এএসআইসহ দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) রংপুরের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

বরখাস্ত দুজন হলেন- রংপুর পুলিশ লাইনের এএসআই আমির হোসেন ও তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়। সাময়িক বরখাস্তের কারণ হিসেবে বলা হয়েছে, তারা ‘অপেশাদারি আচরণস্বরূপ’ শটগান থেকে ফায়ার করেন।

এর আগে, সাঈদের মৃত্যু বিক্ষোভকারীদের ছোড়া গুলি ও ইট-পাটকেলের আঘাতে হয়েছে বলে দাবি করে পুলিশ। মামলার এজাহারে এ তথ্য দেয় তারা। তবে এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। তাতে কোনো পুলিশ সদস্যের দায় পেলে ব্যবস্থা নেয়া হবে। আর এজন্য ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে বলছে তারা।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। এ সময় গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাঈদ। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু সাঈদ (২৫) রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছোট ছেলে।

বিষয়:ছাত্র আন্দোলন রংপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…