গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৬৯ শিশুর মৃত্যু হলো।
শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ের মধ্যে সারাদেশে হামে আক্রান্ত হয়েছে মোট ১৮ হাজার ৮৭৪ শিশু। এর মধ্যে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৮৯ শিশু এবং সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছে আরও ১৪ হাজার ৩৮৫ জন।
তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছে ২৪ শিশু। এছাড়া উপসর্গ নিয়ে সন্দেহজনক হিসেবে মারা গেছে আরও ১৪৫ শিশু।
আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা বিভাগ। এই বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে ৭ হাজার ৪৭৮ শিশু আক্রান্ত হয়েছে। এর পরেই রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪৯ জন।







