বাংলাদেশ

ঢাকা-গাজীপুর বিআরটি নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

ঢাকা-গাজীপুর বিআরটি নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

সংগৃহীত

বুধবার ১১ নভেম্বর  বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি), ওয়ার্কস ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি) এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন-এর উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলরুমে ‘ঢাকা-গাজীপুর বিআরটি’র বাস্তবায়ন চাই’ শীর্ষক একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মু. মুসলেহ উদ্দিন হাসান, বিশিষ্ট রাজনীতিবিদ রুহিন হোসেন প্রিন্স, গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাসুদুর রশিদ, ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী ড. মাহবুবুল বারী এবং সাবেক প্রিন্সিপাল ও গাজীপুরের বাসিন্দা কফিল উদ্দিন।

সংগৃহীত

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক পরিকল্পনাবিদ ড. মু. মুসলেহ উদ্দিন হাসান এবং মূল বক্তব্য উপস্থাপন করেন পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম।

মূল বক্তব্যে বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে মন্ত্রিসভার বৈঠকে ঢাকা-গাজীপুর বিআরটি করিডোরের নির্ধারিত বাস লেন বিলুপ্ত করে সড়কটিকে ৩+৩ লেনের হাইওয়েতে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রায় ২,৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর বিআরটি বাস না কিনে ও সেবা চালু না করেই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে আর্থিক ও পরিচালনগত সমস্যা থাকলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিতে হবে; বিআরটি ব্যবস্থা বা বাস লেনকে এর জন্য দায়ী করা যাবে না। বরং প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সংশ্লিষ্ট সব নথিপত্র, পরামর্শক ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা, দায়িত্ব ও ভূমিকা সংরক্ষণ করতে হবে এবং একটি তদন্ত কমিশন গঠন করে তদন্তের ফলাফল প্রকাশ করতে হবে।

সংগৃহীত

বিআরটি লেন বহাল রাখা বা এ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আগে নির্মাণ ও পরিচালন ব্যয়, যাত্রীদের সময় সাশ্রয়, পরিবেশগত সুফল এবং যানজটের কারণে সম্ভাব্য সময় ও আর্থিক ক্ষতিসহ সবকিছুর আর্থিক ও পরিবেশগত মূল্যায়ন করা জরুরি। সব পক্ষ ও মতের অংশীজনদের বক্তব্য শুনে, প্রাপ্ত তথ্য ও বিকল্পগুলো বিশ্লেষণ করে এবং সেই তথ্য জনগণের সামনে প্রকাশ করে সিদ্ধান্ত নিতে হবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কোনো ধরনের অস্বচ্ছতা না রেখে সিদ্ধান্তের যৌক্তিকতা জনসমক্ষে তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বিআরটি চালু হলে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যাতায়াতের সময় কমবে, ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং গাজীপুরে বিনিয়োগ ও নগর অর্থনীতির বিকাশের সুযোগ তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি ঢাকা ও গাজীপুরের বিদ্যমান ও চলমান সড়ক প্রকল্পগুলো সম্পন্ন হলে এ করিডোরে যানবাহনের চাপ কমার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, ঢাকা-গাজীপুর বিআরটি করিডোরটি ২০০৫ সালের কৌশলগত পরিবহন পরিকল্পনা (এসটিপি), ২০১৫ সালের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা (এসটিপি), ২০২৫ সালের হালনাগাদ পরিকল্পনা এবং গাজীপুর ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত রয়েছে। তাই সামগ্রিক পরিবহন পরিকল্পনার আলোকে এর ভবিষ্যৎ নির্ধারণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিমানবন্দর-গাজীপুর করিডোরকে শহুরে ধমনী হিসেবে ঘোষণা করে সেখানে বিআরটি লেন বহাল রেখে দেশের প্রথম বিআরটি করিডোর বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ঢাকা শহরসহ দেশের অন্যান্য স্থানেও বিআরটি চালুর উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে ‘ঢাকা বিআরটি পিএলসি’ বন্ধ না করে প্রয়োজনীয় জনবল ও কারিগরি নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করা প্রয়োজন। বিআরটি প্রকল্পে কোনো কারিগরি ভুল, অনিয়ম বা স্বার্থের সংঘাত থাকলে তা যথাযথ তৃতীয় পক্ষের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে তদন্ত করতে হবে। এসব ভুল বা অনিয়মের দায় বিআরটি লেন বা বিআরটি ব্যবস্থার ওপর চাপিয়ে দেওয়া অন্যায় হবে। বরং গাজীপুরবাসীসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা, যথাযথ সমীক্ষা এবং তার ফলাফল জনসমক্ষে প্রকাশের ভিত্তিতেই বিআরটি লেন বা বিআরটি বিষয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, ঢাকাসহ দেশের পরিবহন ব্যবস্থার উন্নয়ন অবশ্যই পরিকল্পনানির্ভর হতে হবে, প্রকল্পনির্ভর নয়।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ইতিবাচক প্রতিশ্রুতি “ আই হ্যাব এ প্ল্যান” যেভাবে দেশবাসীকে আশান্বিত করেছিল, বিআরটি প্রকল্পের ক্ষেত্রেও অনুরূপ পরিকল্পনার সঠিক প্রতিফলন ঘটবে। একইসঙ্গে পরিবেশ সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করবেন এটাই বিআইপি’র সুনির্দিষ্ট দাবি ও প্রত্যাশা।

সংগৃহীত

বিশিষ্ট রাজনীতিবিদ রুহিন হোসেন প্রিন্স সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করে বলেন, ২৮০০ কোটি টাকার একটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও এ বিষয়ে সাধারণ মানুষকে কিছু জানানো হয়নি। তিনি মনে করেন, প্রকল্প বাস্তবায়ন অবশ্যই পরিকল্পনানির্ভর হতে হবে এবং সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, বিআরটি প্রকল্পে দুর্নীতি হয়ে থাকলে তা দূর করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা উচিত; দুর্নীতির সমাধান না করে প্রকল্প বাতিল করা যুক্তিযুক্ত নয়। তিনি শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে প্রকল্পের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

পাশাপাশি সরকারের প্রতি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসে সব দিক বিবেচনা করে প্রকল্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান। গাজীপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক বলেন, ২০১২ সালে শুরু হওয়া বিআরটি প্রকল্প ১৪ বছরেও শেষ হয়নি, অথচ পাকিস্তানের পেশোয়ারে ২৮ কিলোমিটার বিআরটি প্রকল্প মাত্র দুই বছরে বাস্তবায়িত হয়েছে। প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ হওয়ার পর প্রকল্প বাতিলের সিদ্ধান্তের কারণ এবং দীর্ঘসূত্রতার জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান তিনি।

তিনি বলেন, প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতিতে যানজট কিছুটা কমতে শুরু করায় গাজীপুরবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছিল। পর্যাপ্ত গণপরিবহনের অভাবে অটোরিকশার সংখ্যা বাড়ছে। বিআরটি প্রকল্প বাতিল হলে ২৫টি স্টেশনের সড়ক পারাপারের বিশেষ সুবিধা বন্ধ হয়ে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে ভোগান্তি বাড়তে পারে। তিনি আক্ষেপ করে বলেন, যারা গণপরিবহন ব্যবহার করেন না, তারাই বরং এ প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি প্রকল্পটি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা ও সাধারণ মানুষের মতামত গ্রহণের আহ্বান জানান এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের গাজীপুরে গিয়ে যাতায়াতের বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখার অনুরোধ করেন।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইবিএ) এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাসুদুর রশিদ বলেন, বিআরটি প্রকল্পটি পরিবহন ব্যবস্থার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। প্রকল্পে কোনো ত্রুটি থাকলে তা প্রয়োজনীয় কারিগরি সংশোধনের মাধ্যমে সমাধান করা উচিত; সম্পূর্ণ প্রকল্প বাতিল করা বড় ধরনের ভুল হবে। প্রকল্পটি গ্রহণের আগে সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই করা হলেও পরবর্তী সময়ে পুনরায় সমীক্ষা করে তা বাতিলের সিদ্ধান্ত নেওয়ার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে বিআরটিকে একটি দৃষ্টান্তমূলক প্রকল্পের পাশাপাশি অনন্য স্থাপত্য নিদর্শন হিসেবেও গড়ে তোলা সম্ভব। তিনি প্রকল্পটি বাতিল না করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে দ্রুত পুনরুজ্জীবিত করার আহ্বান জানান।

সংগৃহীত

পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী ড. মাহবুবুল বারী তার বিআরটি প্রকল্পে কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, আর্থিক, কারিগরি ও অন্যান্য বিবেচনায় প্রকল্পটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময়। এটি শুধু তার ব্যক্তিগত মতামত নয়; বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমীক্ষাতেও প্রকল্পটির সম্ভাব্যতা উঠে এসেছে। তিনি জানান, এ করিডরে বিপুলসংখ্যক বাসযাত্রী চলাচল করেন এবং বিআরটি বাস্তবায়িত হলে পরিবেশ ও সড়ক নিরাপত্তায় ইতিবাচক প্রভাব পড়বে। সরকার বাস ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর সফল বাস্তবায়নে নিরবচ্ছিন্ন গণপরিবহন ব্যবস্থা অপরিহার্য। বিআরটির সঙ্গে ছয়টি বাস রুট সমন্বয়ের পরিকল্পনা রয়েছে; তাই প্রকল্পটি বাতিল হলে এসব রুটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দেবে।

তিনি আরও বলেন, শুধু বিআরটি প্রকল্পই নয়, এর বাস্তবায়নের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটিও বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে। তিনি বিআরটির পরিবর্তে প্রচলিত সড়কব্যবস্থা চালুর উদ্যোগকে আত্মঘাতী আখ্যা দিয়ে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের আহ্বান জানান।
প্রশ্নোত্তর পর্বে বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মু. মুসলেহ উদ্দিন হাসান জানান, গাজীপুরের সংসদ সদস্যদের সঙ্গে এককভাবে আলোচনা করা হয়েছে এবং তাদের সঙ্গে সমন্বিতভাবে আলোচনারও পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, গত জুনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও সংবাদ সম্মেলনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তাদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছায়নি।

পরিশেষে তিনি বলেন, বিআরটি প্রকল্পের বিষয়ে তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই; বরং বৃহত্তর জনস্বার্থে প্রকল্পটির বাস্তবায়ন চান। তাঁর মতে, এটি কেবল একটি পরিবহন প্রকল্প নয়, বরং বৃহৎ নগর রূপান্তরের উদ্যোগ। তিনি সড়ক পরিবহন খাত নিয়ে প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথা উল্লেখ করে তার সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়গুলো তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাস ফ্র্যাঞ্চাইজি উদ্যোগের প্রশংসা করে বলেন, বিআরটি বাস্তবায়ন ছাড়া শুধু বাস ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে পরিবহন সমস্যার পূর্ণাঙ্গ সমাধান সম্ভব নয়। বক্তব্যের শেষে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দাবিগুলো দেশবাসী ও সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম প্রকল্পটির ভবিষ্যৎ নির্ধারণ ও দেশের সামগ্রিক পরিবহনব্যবস্থার উন্নয়নে আট দফা দাবি তুলে ধরেন:

১। বিআরটি নিয়ে বিগত ১৮.১০.২৬ তারিখের সিদ্ধান্ত পর্যালোচনা ও পুনঃবিবেচনা করতে হবে।

২। সব পক্ষ ও সব মতের অংশীজনের কথা শুনে, সব অপশনের আর্থিক ও পরিবেশগত মূল্যায়ন এবং ঢাকা ও গাজীপুরের পরিবহন পরিকল্পনা বিচার বিশ্লেষণ করে, এবং প্রাপ্ত তথ্য জনগণকে জানিয়ে, যথারথ সিদ্ধান্ত নিতে হবে।

৩। বিআরটি প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত সংশ্লিষ্ট সব কাগজপত্র, কনসালটেন্ট ও বাস্তবায়নকারীসহ সকল ব্যক্তির তালিকা, দায়িত্ব ও ভূমিকা ইত্যাদি সংরক্ষণ করা হোক এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই এমন ব্যক্তি/বিশেষজ্ঞদের দিয়ে একটি তদন্ত কমিশন করে খেতপত্র প্রকাশ করা হোক।

৪। এয়ারপোর্ট-গাজীপুর করিডোরকে একটি আরবান আরটারি / করিডোর হিসাবে ঘোষণা করতে হবে।

৫। ঢাকা শহরে ও দেশে আরো বিআরটি চালু করতে হবে।

৬। ঢাকা বিআরটি পিএলসিকে পুন:নামকরণ করে এবং দেশব্যাপী বিআরটি বাস্তবায়নের যথারথ দায়িত্ব দিয়ে শক্তি করে গড়ে তুলতে হবে। এর প্রধান অবশ্যই একজন টেকনিক্যাল পারসন হতে হবে।

৭। ঢাকাসহ দেশের পরিবহন ব্যবস্থার উন্নয়ন অবশ্যই পরিকল্পনা নির্ভর হতে হবে, প্রজেক্ট নির্ভর হলে চলবে না।

৮। আমাদের এ বিষয়গুলো নিয়ে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ দিতে হবে।

সামগ্রিকভাবে বক্তারা বিআরটি প্রকল্পের গুরুত্ব, বাস্তবায়নের বিভিন্ন দিক, প্রকল্প বাতিলের সিদ্ধান্তের যৌক্তিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং দেশের সামগ্রিক গণপরিবহনব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তারা পরিকল্পনানির্ভর পরিবহনব্যবস্থা গড়ে তোলা এবং বিআরটি প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, পেশাজীবী, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের মতামত গ্রহণ করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

বিষয়:গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন ঢাকা-গাজীপুর বিআরটি বাস লেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট বিআরটি’র বাস্তবায়ন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…