ভারতের কর্ণাটকের পুনে-ব্যাঙ্গালুরু হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কায় ১৩ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও চারজন।
এনডিটিভি জানিয়েছে, আজ শুক্রবার ভোররাত স্থানীয় সময় ৩ টা ৪৫ মিনিটে হাভেরি জেলার গুন্ডেনাহাল্লি ক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ১৭ জন যাত্রী ছিলেন।
জানা গেছে, ঘটনাস্থলেই ১১ জন মারা গেলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। নিহতরা সবাই শিবমোগার বাসিন্দা। তীর্থযাত্রার জন্য বেলাগাভি জেলায় গিয়েছিলেন এবং বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে যে, মিনিবাসের চালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন।







