আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন।
শনিবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে বিজিবি। এতে বলা হয়, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৮ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আরও ৪ প্লাটুন সদস্য প্রয়োজনে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।
বিজিবি আরও জানায়, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও দায়িত্ব পালনে সমন্বয় নিশ্চিত করতে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বাহিনীটি বদ্ধপরিকর বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।






