মুন্সিগঞ্জের লৌহজংয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ১ জন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই সহিংসতার ঘটনায় অভিযুক্ত ১ জনকে আটক করা হয়েছে।
আজ (১৭ জানুয়ারি) বুধবার ভোরে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার দক্ষিণ হলুদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আহত হওয়ার পর মোহাম্মদ কালাচান নামক ওই ব্যক্তির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত মাফিয়া বেগম নামের ১ জন নারীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বিকেল ৫টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দক্ষিণ হলুদিয়া গ্রামে প্রতিপক্ষ হিরো সর্দার, বাবু সর্দার এবং মাফিয়া বেগমসহ অন্তত ৬ থেকে ৭ জন কালাচানের ওপর হামলা চালায়। এতে কালাচান গুরুতর আহত হলে তাকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
এই বিষয়ে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তোফায়েল হোসেন সরকার জানান, এ ১ জন নারীকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








