নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের উপর থেকে নিচে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৪ জন।
আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে ১০ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ৷ রোববার (১১ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত একজন হলেন, সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফ এর ছেলে নুরুল ইসলাম (৫০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ঢাকা এক্সপ্রেস যাত্রীবাহী বাসটি নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকার ওভারপাস অতিক্রম করছিল। এসময় যাত্রীবাহী বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অপর আরেকটি ট্রাকের মুখোমুখি হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাস থেকে উল্টে পড়ে গিয়ে পার্শ্ববর্তী একটি সড়কের উপর পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। ঘটনার পরে স্থানীয় লোকজন, সেনাবাহিনী ও আনসার সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে নরসিংদী ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা দুর্ঘটনা কবলিত বাসটির উদ্ধার অভিযান চালায়।
নরসিংদী জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান জানান, যাত্রীবাহী বাস সড়কে দুর্ঘটনার ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের বেশির ভাগই মাথায় আঘাতপ্রাপ্ত।








