ফেনীতে মাদকবিরোধী অভিযানে শহরের লালপুল এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ মো. হানিফ (৫০) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।
বুধবার (২৬ জুন) দুপুরে র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
হানিফ ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া গ্রামের মৃত হাজী মীর আহাম্মদ এর ছেলে।
র্যাব-৭ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বুধবার ফেনীর লালপুল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মো. হানিফকে আটক করে। পরে হানিফকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে একটি ট্রাভেল ব্যাগের ভিতর বিশেষ কৌশলে রক্ষিত থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, হানিফ দীর্ঘদিন যাবৎ পর্যটকের ছদ্মবেশ নিয়ে বিশেষ কৌশলে গাঁজা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল।
আটক হানিফ এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।








