রাজধানীর বাড্ডা থেকে পেশাদার সশস্ত্র ছিনতাইকারী চক্রের অন্যতম মো. পারভেজ (২৯) নামে এক সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।
গতকাল সোমবার রাত ১০টায় উত্তর বাড্ডার হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেসময় তার হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি সুইচ গিয়ার চাকু, ১টি ছুরি ও ৬টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
বাড্ডা থানা জানায়, উত্তর বাড্ডার হাজিপাড়া পানির পাম্পের পশ্চিম পাশের বালুর মাঠে কয়েকজন লোক ছিনতাইয়ের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদ পেয়ে তৎক্ষণাৎ সেখানে অভিযান চালায় বাড্ডা থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পারভেজকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
এ সময় তার সাথে থাকা অন্য দুইজন সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার পারভেজ এবং পলাতক মো. শফিক হাওলাদার (২৯) ও ফয়সাল (২৩) এর বিরুদ্ধে বাড্ডা থানায় আজ (২২ অক্টোবর) একটি মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পারভেজ পেশাদার সশস্ত্র ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে বাড্ডা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চুরি ও ছিনতাই করে আসছে।
পারভেজের বিরুদ্ধে বাড্ডা, ভাটারা ও গুলশান থানায় মাদক, চুরি, ছিনতাই, ডাকাতির চেষ্টা ও হত্যা চেষ্টার ১২টি মামলা রয়েছে।
ডিসি তালেবুর বলেন, গ্রেপ্তার পারভেজকে বাড্ডা থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং ছিনতাইয়ের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।







