লেখক, ব্লগার, প্রকাশক ও কলাবাগান হত্যাকাণ্ডে সন্দেহভাজন ৬ জঙ্গি যাতে পালিয়ে যেতে না পারে সে জন্য বিশেষ সতর্কতা জারি করেছে সরকার। বিমানবন্দর, নৌ ও স্থলবন্দরসহ সব জায়গায় এ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মোসাদের সাথে শুধু বিএনপি নেতা আসলামই নন, আরো বেশ কয়েকজন জড়িত।
প্রগতিশীল লেখক, ব্লগার, প্রকাশক এবং কলাবাগান হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের ছবি প্রকাশ করে ডিএমপি। বৃহস্পতিবার রাতে ডিএমপির ওয়েবসাইটে, ওই ৬ জঙ্গিকে ধরিয়ে দিতে ১৮ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দীর্ঘদিন ধরে তাদের ওপর নজর রাখা হচ্ছিল। এরা সেই জঙ্গি যারা বিনা কারণে মানুষ হত্যা করে। আপনারা কলাবাগান ও আরো নৃশংস হত্যাকাণ্ড দেখেছেন। এসব হত্যাকাণ্ডের পেছনেই তারা নানান নামে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এরা সেসব দলেরই সদস্য।
তিনি আরও বলেন, মোসাদের সাথে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে শুধু বিএনপি নেতা আসলাম চৌধুরীই নয়, আরো কয়েকজন জড়িত। আমরা যাদের আগে ধরেছি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এসব করা হয়েছে। জঙ্গিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সবই ব্যবস্থা নিয়েছি। আমাদের কাছে প্রমাণ আছে যে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলো। সেজন্য তাকে ধরেছি। তাদের সঙ্গে আরো কয়েকজন আছে, তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে আমরা পদক্ষেপ নিবো।
জঙ্গিদের ধরিয়ে দিতে জনসাধারণের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।







