বলিউড তারকা অভিনেতা দিলীপ কুমার এবং সায়রা বানু জুটি ১১ই অক্টোবর বিয়ের বায়ান্ন বছরে পা দিলেন। পরিবার এবং বন্ধুদের নিয়ে বেশ ধুমধাম করে পালন করলেন তাদের বিবাহবার্ষিকী।
দিলীপ কুমারের টুইটার পেজে বিষয়টি শেয়ার করেন সায়রা বানু। তিনি লেখেন, ‘আমাদের ৫১তম বিবাহবার্ষিকীতে পরিবার, বন্ধু এবং ভক্তরা, যারা আমাদের এত বছর ধরে ভালোবেসেছেন এবং প্রার্থনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’ তিনি অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন টুইটারে।

১৯৬৬ সালের ১১ ই অক্টোবর বিয়ে করেন দিলীপ কুমার ও সায়রা বানু। আর এই একান্নটি বছর ধরে আগলে রেখেছেন তারা একে অপরকে। বিশেষ করে সায়রা বানু। স্বামী দিলীপ কুমারের সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছেন সায়রা বানু।
বেশ কিছুদিন হলো শারীরিকভাবে অসুস্থ ছিলেন দিলীপ কুমার। হাসপাতালেও ভর্তি হয়েছেন কয়েকবার। পাশে থেকে দিলীপ কুমারের সেবা করেছেন স্ত্রী সায়রা বানু। নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিগুলোও ভাইরাল হয়েছে।

বয়সে দিলীপ কুমারের চেয়ে ২২ বছরের ছোট সায়রা। তারা জুটি বেঁধেছেন বেশ কয়েকটি ছবিতেও। তার মধ্যে রয়েছে গোপী, বাইরাগ, সাগিনা ইত্যাদি।

-টাইমস অব ইন্ডিয়া।







