গলার সমস্যা টের পাবার পরপরই করোনা ভাইরাস সন্দেহে ২৪ ঘণ্টার জন্য আলাদা রাখা হয়েছে নিউজিল্যান্ডের পেসার লোকি ফার্গুসনকে। এ ভাইরাসের কারণেই মাত্র এক ওয়ানডে খেলেই অস্ট্রেলিয়া ছাড়ছে পুরো নিউজিল্যান্ড দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার সিডনিতে ওয়ানডে খেলার পরপরই গলায় ব্যথা অনুভব করেন ফার্গুসন। করোনা ভাইরাসের অন্যতম উপসর্গ গলা ব্যথা হওয়া। এর পরপরই তাকে দলের অন্যদের থেকে আলাদা করা হয়েছে, ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাকে।
অন্যদিকে পুরো নিউজিল্যান্ড দলকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কয়েকটি দেশ থেকে ফেরার পর সেই ভ্রমণকারীদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে নিউজিল্যান্ড সরকার, সেই দেশগুলোর তালিকায় আছে অস্ট্রেলিয়ার নামও। আগামী শনিবার দেশের বিমানে উঠবেন কিউই খেলোয়াড়রা।
ফার্গুসনকে কোয়ারেন্টাইনে পাঠানো হলেও সুস্থ আছেন অস্ট্রেলিয়ান পেসার কেন রিচার্ডসন। ফার্গুসনের মতই গলার সমস্যায় ভুগছিলেন এই পেসার। পরে তাকে ২৪ ঘণ্টার জন্য পৃথকীকরণের মধ্য দিয়ে যেতে হয়েছে, খেলা হয়নি সিডনিতে ওয়ানডে। দেহে করোনা ভাইরাসের কোন উপসর্গ পাওয়া না যাওয়ায় পরে ছেড়ে দেয়া হয়েছে তাকে।







