মিরপুর টেস্টের প্রথমদিনের খেলা শেষে আলোচনায় উইকেট। দুদলের ১৬ উইকেট পতন ঘটেছে। আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ না হলে সংখ্যাটা আরও বাড়তে পারত। ৯ ওভার কম হওয়ায় মঙ্গলবার ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে খেলা শুরুর সময়।
তাইজুল ইসলামের স্পিন ভেলকির পরও সাউথ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৪০ রান। টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ গুটিয়ে যায় টেনেটুনে একশ পেরিয়ে। প্রথম ইনিংসে ৩৪ রানের লিডে স্বস্তিতেই থাকার কথা প্রোটিয়াদের।
তাইজুল ৫ উইকেট নিয়েছেন ১৫ ওভারে ৪৯ রান দিয়ে। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে দুইশ উইকেট শিকারের কীর্তিও গড়েছেন ৩২ বর্ষী বাঁহাতি স্পিনার। মিরপুরে উইকেট শিকারের সংখ্যায় সাকিব আল হাসানকেও টপকে গেছেন।
সাউথ আফ্রিকার পেসারদের সামনে সকালের সেশনে ৬ উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ১৪ ওভার খেলতে শেষ পরের ৪ উইকেট। ৪০.১ ওভারে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
সাউথ আফ্রিকাকে শুরুতে সাফল্য এনে দেন ইয়ান মুল্ডার। বল হাতে প্রথম ৩ ওভারে ৩ উইকেট শিকার করেন ২৬ বর্ষী পেসার।
শূন্য রানে ওপেনার সাদমান ইসলামকে ফিরিয়ে দ্বিতীয় শিকারে পরিণত করেন ৬ বলে ৪ রান করা মুমিনুল হককে। ডানহাতি পেসার ফেরান অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও, ৭ বলে ৭ রান করার পর।
২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। একপ্রান্ত থেকে মাহমুদুল হাসান জয় লড়াই করে গেলেও অন্যপ্রান্ত থেকে একের পর এক উইকেট হারাতে থাকে শান্তবাহিনী।
জয়ের সঙ্গে হাল ধরার চেষ্টা করেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ৬ হাজার রানের মাইলফলক থেকে ৩৯ রান দূরে ব্যাটে নেমে কাগিসো রাবাদার রেকর্ড ৩০০তম উইকেটের শিকার হন তিনি। মাইলফলক ছোঁয়ার অপেক্ষা বাড়িয়ে ১১ রানে আউট হন মুশফিক। ১৩ বলে ১ রান করা লিটনকেও ফেরান ২৯ বর্ষী প্রোটিয়া পেসার।
মধ্যাহ্ন বিরতির আগে আগে কেশভ মহারাজের বলে ২৪ বলে ১৩ রানে মেহেদী হাসান মিরাজ ফিরলে ৬০ রানে ৬ উইকেট হারিতে বসে বাংলাদেশ। বিরতির পরপর টানা দু-ওভারে দুই উইকেট হারায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে থাকা দলটি। মাহমুদুল হাসান জয়ের (৩০) আউটের তিন বল পর ফিরে যান অভিষিক্ত জাকের আলী অনিক (০)। শেষদিকে তাইজুল ইসলামের ১৬ রানে ১০৬ রানের সংগ্রহ আসে।
সাউথ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা, ইয়ান মুল্ডার ও কেশভ মহারাজ নেন ৩টি করে উইকেট।







