১৩ বছর ধরে মান সম্পন্ন ও সুস্থ ধারার অডিও প্রকাশ করে আসছে ইমপ্রেস অডিও ভিশন। হাটিহাটি পা পা করে ইমপ্রেস-এর এই সহ প্রতিষ্ঠানটি ১৪ বছরে পদার্পণ করলো ১১ এপ্রিল।
২০০৬ সালের আজকের এই দিনে সুস্থ ধারার অডিও প্রকাশ করার লক্ষ্যে যাত্রা শুরু করে ইমপ্রেস অডিও ভিশন। লক্ষ্য অনুযায়ী সফল হয় তারা।
এই সময়ে এসেও ইমপ্রেস অডিও ভিশন নিয়মিত অডিও ও ভিডিও কন্টেন্ট উপহার দিয়ে যাচ্ছে। অডিও প্রকাশনায় নন্দিত এই প্রতিষ্ঠানটি কেক কেটে ১৪ বছর উদযাপদন করলো বৃহস্পতিবার সন্ধ্যায়।
চ্যানেল আই ভবনে ইমপ্রেস অডিও ভিশনের ১৪ বছরে উদযাপন অনুষ্ঠানে কেক কাটেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। এসময় ইমপ্রেস অডিও ভিশনের হেড অব অপারেশন আসাদ ইসলামসহ প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
ইমপ্রেস অডিও ভিশনকে শুভেচ্ছা জানিয়ে ফরিদুর রেজা সাগর বলেন: ইমপ্রেস অডিও ভিশনের জার্নিটা আরো দীর্ঘ হোক। সুস্থ ধারার গান উপহার দিয়ে যাওয়ার যে প্রত্যয় নিয়ে ইমপ্রেস অডিও ভিশনের যাত্রা সেটা অব্যাহত থাকুক।
যাত্রার শুরু থেকে এ পর্যন্ত ইমপ্রেস অডিওর অর্জনের কথা জানিয়ে ইমপ্রেস অডিও ভিশনের হেড অব অপারেশন আসাদ ইসলাম বলেন: ইমপ্রেস তার যাত্রার শুরুতে কন্টেন্টগুলো সিডি আকারে প্রকাশ করতো। কিন্তু এখনতো ডিজিটাল সময়। তবুও ইতিমধ্যে প্রায় পাঁচশোর বেশি অ্যালবাম প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। এরমধ্যে আছে গান, নাটক, সিনেমা রয়েছে। গানের অ্যালবামগুলোর মধ্যে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, পঞ্চকবির গান, মৌলিক গান, আধুনিক গান, শিশুতোষ গান।
ডিজিটাল সেকশনেও ইমপ্রেস অডিও ভিশন ভালো করছে জানিয়ে আসাদ ইসলাম আরো বলেন: ইউটিউব, জিপি মিউজিক, রবিসহ বিভিন্ন মিউজিক প্লাটফর্মে ইমপ্রেস অডিও ভিশনের গান নিয়মিত প্রকাশ হচ্ছে। এছাড়া ইমপ্রেস অডিও ভিশন ইউটিউবেও ভালো করছে। এরইমধ্যে ইমপ্রেস অডিও ভিশনের চার লাখ সাবস্ক্রাইবার (www.youtube.com/impressaudio) ছাড়িয়ে গেছে।







