বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ফারদিন খান। যদিও দীর্ঘ ১১ বছর ধরে পর্দার আড়ালে তিনি। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে বলিউড সিনেমায় আবারও ‘কামব্যাক’ করতে যাচ্ছে এই অভিনেতা!
মূলত গেল বছরের শেষে ‘দিল বেচারা’ সিনেমার পরিচালক ও কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার অফিসের বাইরে দেখা গিয়েছিল ফারদিনকে। সেখানে সম্পূর্ণ নতুন লুকে উপস্থিত হয়েছিলেন তিনি।
শারীরিক গঠন পরিবর্তন করে, ওজন কমিয়ে সম্পূর্ণ ফিট হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ‘হেই বেবি’র এই অভিনেতা। তখন থেকেই শোনা যাচ্ছিলো অভিনেতার কামব্যাকের গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে।
অভিনেতার এই কামব্যাকের নেপথ্যে থাকছেন পরিচালক ও প্রযোজক সঞ্জয় গুপ্তা। জানা গেছে ‘বিস্ফোট’ নামের একটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে ফারদিন খানকে। যেটি মূলত ২০১২ সালের অস্কার-মনোনয়নপ্রাপ্ত ভেনেজুয়েলার ছবি ‘রক, পেপার, সিজার’ এর হিন্দি রিমেক! তবে চমক এখানেই শেষ নয়, ছবিতে ফারদিনের পাশাপাশি দেখা যাবে রীতেশ দেশমুখকেও।
দীর্ঘদিন ধরে রীতেশকেও সেভাবে কোনও বিগ বাজেট বলিউড ছবিতে দেখা যায় না। সর্বশেষ ‘হেই বেবি’ ছবিতে রীতেশ-ফারদিন জুটিকে দেখেছিলেন সিনেদর্শকরা। এবার যেন সেই সুযোগই করে দিলেন পরিচালক-প্রযোজক সঞ্জয়।
পরিচালক সঞ্জয় গুপ্তা জানান, ‘বিস্ফোট’ ছবিটির মাধ্যমেই ফারদিন আবারও সিনেমায় ব্যাক করতে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে আমরা চলতি মাসের শেষে ছবিটির শুটিংয়ের কাজ শুরু করতে যাচ্ছি।
তিনি আরও জানান, ফারদিন ও রীতেশের মতো দুই অভিনেতাকে পেয়ে আমি খুব খুশি। আমি আর আমার পুরো টিম ছবিটির জন্য রক্ত-পানি এক করে খাটছি। আশা করছি দর্শক হতাশ হবেন না।
২০১০ সালে সর্বশেষ ‘দুলহা মিল গ্যয়া’ ছবিতে দেখা গিয়েছিল ফারদিন খানকে। এখন দেখার বিষয় ১১ বছর পর পর্দায় ফিরে কতটা চমক দেখাতে পারে এই অভিনেতা।







