জি-২০ সম্মেলন উপলক্ষে জার্মানির হামবুর্গে অবস্থান করা মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ‘হোটেলে বন্দি’ হয়ে পড়েছেন। পুঁজিবাদ বিরোধী বিক্ষোভকারীরা তার হোটেলটি ঘিরে রেখেছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের একজন মুখপাত্র জানিয়েছেন।
হোটেল কক্ষ থেকে মেলানিয়াকে কখন বের করা যাবে সেটা এখনও বোঝা যাচ্ছেনা বলে, ওই মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন।
ইন্ডিপেন্ডেট জানিয়েছে, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের স্বামীর আয়োজনে জি-২০ সম্মেলন উপলক্ষে অংশগ্রহণকারী দেশগুলোর প্রধানদের স্ত্রী-স্বামীদের নিয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে মেলানিয়া ট্রাম্পের। কিন্তু মেলানিয়া কখন হোটেল থেকে বের হতে পারবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে জার্মানির পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭৬ জন পুলিশ কর্মকর্তা।
হামবুর্গ শহরে সম্মেলন উপলক্ষে ‘নরকে স্বাগতম’ লেখা মুখোশ পরে প্রায় ১২ হাজার বিক্ষোভকারীর উপর পুলিশ লাঠিচার্জ করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
মেলানিয়া ট্রাম্প এক টুইট বার্তায় সংঘর্ষে আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সকলকে নিরাপদে থাকতে বলেছেন।









