জনসাহিত্যঃ সহজ কথা যায় না বলা সহজে

‘গড অব স্মল থিংস’ আর অরুন্ধতি রায়কে নিয়ে যখন হাটমাঠে মহাকলরব মহাউচ্ছ্বাস, তখন ভাবছিলাম সমাজে এই পোড়ামুখ দেখাই কী করে? যদি বলি ‘গড অব স্মল থিংস’ তেমন ভালো লাগেনি, লোকে বকা দিয়ে বলবে, ‘যেটা বোঝো না সেটা পড়তে যাও কেন? যাও হুমায়ুন-মিলন পড়ো গে!’
গভীর আগ্রহ নিয়ে প্রতিদিনই একটু একটু করে অরুন্ধতির ‘মিনিসট্রি অব আটমোস্ট হ্যাপিনেস’ পড়ে চলছি। বইটি খুব একটা টানছে না। অন্যথায় আমি অরুন্ধতির মহাভক্ত তার অসাধারণ প্রজ্ঞাপূর্ণ কলাম লিখন, ব্লগ, ইতিহাস-বিশ্লেষনী বক্তৃতা, সাক্ষাতকারমালা এবং নর্মদা ও দলিত বিষয়ে সক্রিয় কর্মযোগ এর জন্য।
হাইপের ধাক্কায় মনিকা আলির ‘ব্রিক লেইন’ এবং জিয়া হায়দার রহমান এর ‘ইন দ্যা লাইট অব হোয়াট উই নৌ’ পড়েও মাথার চুল ছিঁড়ছিলাম এই আক্ষেপে যে ‘আমার সমস্যা কী, সাহিত্য বুঝি না কেন, বিশ্বমানের সাহিত্যগুলো ভালো লাগাতে পারছি না কেন? কুড়ি পৃষ্ঠা পড়ার সিদ্ধান্ত, পনেরো পৃষ্ঠার পর ক্লান্তি আসে কেন? কিন্তু রবীন্দ্রনাথ বা মুরাকামির দু’এক পৃষ্ঠা উল্টাতে নেমে পৃষ্ঠার পর পৃষ্ঠা পার হলেও টের পাইনা কেন? কেনইবা মনে হয় কাজ কামাই দিয়ে হলেও পড়াটা শেষ করে নিই?
অনেক ভেবেটেবে মনে হচ্ছে, কারণ সম্ভবত রবীন্দ্র ও মুরাকামির বাক্যে বাক্যে ছত্রে ছত্রে সহজ উপস্থাপনায় প্রকাশিত সুগভীর জীবন-দর্শন। ধনী-দরিদ্র নির্বিশেষে আম-সমাজ সহজ সংযোগ তৈরি করতে পারেন এঁদের ভাবনার সঙ্গে। পাঠকের মনে হতে পারে মনের কথাগুলো যা তাঁরা বলতে চেয়েও পারেন নি, পুরনো রবীন্দ্র নতুন মুরাকামি সাবলীল অনায়াসে সেগুলোই বলে গেলেন বুঝি বা!
অরুন্ধতি ঘরানার সাহিত্যে আইডিয়ার চমৎকারিত্ব ও অভিজাত বুদ্ধিবৃত্তিক ভংগির উপস্থাপনার দিকে ঝোঁক বেশি থাকায় দর্শনপ্রভা মরে যায়। অপ্রচলিত থিম ও উপস্থাপনা সব পাঠকেরই পছন্দ। নতুন ফল যেমন পছন্দ। কিন্তু সেই ফলের স্বাদটি জিহবায় লেগে থা্কল কিনা বেলাশেষে সেটিই বিবেচ্য। যে সকল সহিত্যপাঠক অন্তরের উথালি-পাথালি্র দায় মেটাতে সাহিত্য করেন ও পড়েন, তাঁদের অনেকের কাছেই এই ঘরাণার সাহিত্য একই থালায় বিরিয়ানি, সবজি, ফিরনি, সুশি ও ডাল মেশানো খাবার-এর স্বাদ-এর মত লাগতে পারে। অনেক সময়ই মনে হয় যেন জোর করে হলেও সাহিত্যের ব্যাকরণ, অংক, জ্যামিতি, আভিজাত্য,পান্ডিত্য, ইতিহাসজ্ঞান, সমাজ-প্রজ্ঞা, রূপক-অলংকার, সমাজ পরিবর্তনের চেষ্টা সব কিছু এক পাতে রাখার মধ্যেই যেন এই ঘরাণার সকল দায়বদ্ধতা আটকে আছে।
সহজ ভঙ্গিতে বলা সম্ভব এ’রকম নিত্যনিয়মিত সমাজ-ইতিহাস বা রাজনীতিকে অপ্রচলিত রূপকে-উপমা-উৎপ্রেক্ষায় কঠিন করে উপস্থাপন করতে পারা এক রকম শিল্প হতে পারে বটে, কিন্তু সেই শিল্পের সঙ্গে ক’জন আমপাঠক প্রাণের সংযোগ পান? আমপাঠক সম্ভবত এই ঘরানার সাহিত্যের টার্গেট-পাঠকই নন। মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত ও আলোকপ্রাপ্ত একাডেমিক পাঠক—যাঁরা সাহিত্য, ইতিহাস ও সমাজ রাজনীতির পূর্বাপর কম-বেশি ওয়াকিবহাল—তাঁদের উচ্ছ্বাস ধরতে চাওয়া সাহিত্যগুলো শেষ পর্যন্ত জনসাহিত্য হয়ে উঠতে পারে কি? অরুন্ধতির সমাজচিন্তা-সাহিত্য যাঁদের নিয়ে—দলিত-প্রান্তজন—তাঁরাই বা অরুন্ধতির মুগ্ধ পাঠক হতে পেরেছেন কী? তাঁরা অরুন্ধতির ম্যাক্রো পার্স্পেক্টিভ-এ সমাজ ও ইতিহাস দর্শনের সঙ্গে নিজেদের মাইক্রো-পার্স্পেক্টিভ-এ গড়া অভিজ্ঞতা আসলেই মেলাতে পারেন কি?
আমার বিচারে হুমায়ুনের সাহিত্য নিয়ে উঁচুতলার সাহিত্যকরা ছ্যাঁ-ছুঁ তুচ্ছতাচ্ছিল্য করলেও শেষ বিচারে সাহিত্যের মানবিচারে না হলেও সাহিত্যের জনসংযোগ বিচারে তাঁর সাহিত্যই জনসাহিত্য হয়ে উঠতে পেরেছে। জনসাহিত্যকে মনঃসাহিত্য হতে হয়। জনসাহিত্য নির্মাণ সহজ কাজ নয়। মাঝে মাঝে মনে হয় রবি ঠাকুর যেন জনসাহিত্য রচনা যে কঠিন কাজ, সেটি স্বীকার করতে গিয়েই বলেছেন— “সহজ কথা কইতে আমায় কহ যে, সহজ কথা যায়না বলা সহজে।”
এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)



