হুজুগে না মেতে সঠিক তথ্য নিয়ে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সঠিকভাবে তথ্য সংগ্রহ না করে যেকোনো কোম্পানিতে বিনিয়োগ করা ঠিক নয়।
“এরপর বিনিয়োগকারী ক্ষতিগ্রস্থ হলে সব দোষ সরকার ও অর্থমন্ত্রীর ওপর পড়ে। সেকারণে দেশে বিনিয়োগের জন্য বিনিয়োগ শিক্ষা একান্ত প্রয়োজন।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
শেখ হাসিনা বলেন, দেশের পুঁজিবাজার যাতে বিকশিত হতে পারে সেজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। বর্তমানে পুঁজিবাজার যেকোনো সময়ের চেয়ে স্থিতিশীল রয়েছে। এবং গতিশীলভাবে বাংলাদেশে অর্থনীতি এগিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগ সরকার যখন সরকার গঠন করেছিলো তখন বাংলাদেশের অর্থনৈতিক মন্দা ছিলো এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, দেশকে সুপরিকল্পিতভাবে অর্থনীতিকে গতিশীল করেছি। বর্তমানে বাংলাদেশ অর্থনীতিতে ভালো অবস্থানে রয়েছে। দেশে-বিদেশে বিনিয়োগ শুরু হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের রয়েছে দক্ষ কর্মী। বাংলাদেশের মানুষই আমাদের বড় সম্পদ। তাই আমাদের উৎপাদন আরো বেশি উন্নত করতে হবে। বাংলাদেশে বিনিয়োগ করতে চীন, জাপানসহ বিভিন্ন দেশ অত্যন্ত আগ্রহী বলেও জানান তিনি।
দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ওপর আস্থা রেখে দেশের জনগণ ভোট দিয়েই আমাদের আবার দেশের কাজ করার সুযোগ দিয়েছে।










