ওয়ানডে ও টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশের জন্য টেস্ট সিরিজও কঠিন হবে বলে মন্তব্য করে এজন্য সতীর্থদের মানসিকভাবে শক্ত হতে বলেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ২৭ রানে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন টাইগার দলনায়ক।
মাশরাফি বলেন, এখানে (নিউজিল্যান্ড) কি ঘটেছে সেটা একেবারে প্রথম থেকে আমাদের মনোযোগ দিয়ে খুঁটিয়ে দেখতে হবে। এ কথাও ঠিক যে, এটা খুবই কঠিন ছিল। ব্যাট-বল মিলিয়ে সব দিকেই নিউজিল্যান্ড দারুণ খেলেছে। আমরা তাদের উপর বেশ চাপ তৈরি করলেও তারা সেটা কাটিয়ে উঠেছে।
সামনে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ওয়ানডে ও টি-২০ পর এই সিরিজও যে কঠিন হবে সেটা আগাম বুঝছেন মাশরাফিও।
তাই তিনি বলেছেন, টেস্ট সিরিজও কঠিন হতে যাচ্ছে, কিন্তু আমাদের মানসিকভাবে শক্ত হতে হবে।
দুদলের মধ্যেকার দুই ম্যাচে টেস্ট সিরিজে প্রথমটি শুরু হবে ১২ জানুয়ারি থেকে, ওয়েলিংটনের বেসিন রিজার্ভে।










