ক্রিকেট

হিউজ স্মৃতি ফেরানোর ম্যাচে বেকায়দায় শ্রীলঙ্কা

হিউজ স্মৃতি ফেরানোর ম্যাচে বেকায়দায় শ্রীলঙ্কা

ফিল হিউজের স্মৃতি ফেরাল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। প্যাট কামিন্সের বাউন্সারে আহত হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় শ্রীলঙ্কা ওপেনার দিমুথ করুণারত্নেকে। টেস্টের দ্বিতীয়দিন শ্রীলঙ্কা ইনিংসের ৩১তম ওভারে উদ্বেগজনক এই ঘটনার সাক্ষী ক্যানবেরার মানুকা ওভাল।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বড় রানের জবাবে সফরকারী দলের রান তখন বিনা উইকেটে ৮২। ৮৪ বলে ৪৬ রান করে ক্রিজে তখন থিতু হয়ে গেছেন করুণারত্নে। কিন্তু হঠাতই অজি পেসার প্যাট কামিন্সের ১৪২ কিমি বেগের লাফিয়ে ওঠা বল এসে লাগে লঙ্কান ওপেনারের হেলমেটে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। মাঠে ছুটে আসেন দু’দলের মেডিকেল স্টাফরা। উৎকণ্ঠা গ্রাস করে দু’দলের ক্রিকেটার ও সমর্থকদের।

যদিও লুটিয়ে পড়ার পর মেডিকেল স্টাফদের সঙ্গে কথা বলতে ও হাত-পা নাড়তে দেখা যায় শ্রীলঙ্কান ওপেনারকে। জরুরিভিত্তিতে ক্যাব ডাকা হয় মাঠে। প্রাথমিক শুশ্রূষার পর স্থানীয় মেডিকেল টিমের সহযোগিতায় স্ট্রেচারে মাঠ ছাড়েন বছর তিরিশের এই ক্রিকেটার। এরপর দর্শকদের করতালির মধ্যে দিয়ে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে করুণারত্নে এখন সুস্থ-স্বাভাবিক রয়েছেন বলে জানানো হয়েছে।

এর আগে জো বার্নস-ট্রাভিস হেড-কার্টিস প্যাটারসনের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৫৩৪ রানে ইনিংস ঘোষণা করে ব্যাগি গ্রিনরা। জবাবে ব্যাট করতে নেমে ভালোই এগোচ্ছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার। করুণারত্নে মাঠ ছাড়ার পর দলীয় ৯০ রানে প্রথম উইকেটের পতন হয় শ্রীলঙ্কার। আউট হন ৪১ রান করা থিরিমানেও।

এরপর অধিনায়ক চান্দিমাল ও কুশল মেন্ডিসের উইকেট হারিয়ে দ্বিতীয়দিনের শেষে দ্বীপরাষ্ট্রের রান ১২৩। প্রথম ইনিংসে এখনো ৪১১ রানে পিছিয়ে সফরকারী দল।

সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪০ রানে হেরে ১-০তে পিছিয়ে আছে সফরকারী শ্রীলঙ্কা।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…