আবারও হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা মাসুম আজিজ। তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। পারিবারিক সূত্রে এ খবর জানা গেছে।
হাসপাতাল থেকে মুঠোফোনে তার স্ত্রী সাবিহা জামান বলেন, ‘গতকাল শুক্রবার রাত ১টার দিকে তার বুকের ব্যাথা বেড়ে যাওয়ায় তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে আসি। এখানে অধ্যাপক মাকসুমুল হকের তত্তাবধানে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার তেমন উল্লেখযোগ্য উন্নতি হয়নি, তবে চিকিৎসক বলেছেন বয় পাওয়ার মতো কিছু নেই। চিকিৎসকেরা নিয়মিত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।’
তিনি আরও বলেন, ‘গত বছর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর একই হাসপাতালে মাসুম আজিজকে নিয়ে আসা হয়। তখন তার হার্টে দুটি রিং পড়ানো হয়। কিন্তু দুটি ব্লক রয়ে যায়। ওষুধে সেরে যাওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। চিকিৎসক বলছেন আরও রিং পড়াতে হতে পারে। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।’
মাসুম অাজিজের স্ত্রী বলেন, ‘কথা বলতে পারছেন তবে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।’
ছবি : সংগৃহীত








