বুন্দেসলিগায় বোচুমের বিপক্ষে হ্যাটট্রিক করে ফের দলবদলের বাজারে সাড়া ফেলেছে বরুশিয়া ডর্টমুন্ড তারকা আর্লিং হালান্ড। হ্যাটট্রিক করলেও অবশ্য তার দল হেরেছে ৪-৩ গোলে। আরেকটি নজরকাড়া পারফরম্যান্সের পর ২১ বর্ষী তরুণকে দলে টানার আলোচনা আবারও বাড়ছে নানা ক্লাব থেকে। হালান্ডকে টানতে জোর চেষ্টায় ম্যানসিটি বস পেপ গার্দিওলাও।
মৌসুমজুড়েই দলবদলের আলোচনার টেবিলে অন্যতম নাম হালান্ড। রিয়াল-বার্সা লড়ছে সমান তালে, তাকে পেতে পিছিয়ে থাকছে না প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটিও। হালান্ডকে নিজেদের বহরে যুক্ত করতে সেরা সব অস্ত্র ব্যবহার করছে সিটি।
গার্দিওলা বরাবরই কৌশলী। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেল ঘটিয়ে মধ্যম সারির দল নিয়েও হুমকির কারণ হয়ে দাঁড়ান মাঠের খেলায়। যেকোনো ফুটবলারেরই প্রথম পছন্দের কোচদের তালিকার উপরের দিকে থাকে তার নাম। চলতি বছর সিটির সাথে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও বাড়িয়ে ২০২৫ পর্যন্ত করা হয়েছে।
অন্যদিকে শৈশব থেকেই সিটির প্রতি অনুরাগ হালান্ডের। কদিন আগে খবর ছিল সিটির সাথে আগাম চুক্তিতে জড়িয়েছেন তিনি। গার্দিওলার চুক্তি নবায়ন হওয়ায় হালান্ডের সিটিতে আসার সম্ভাবনাও বাড়ছে।







