এ মিরপুরেই ২০১২ সালে পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপের শিরোপা বঞ্চিত হয়েছিলো বাংলাদেশ।
মাত্র ২ রানের ওই হারটা খুব কাছ থেকেই দেখেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কেননা, ওই দিন শেষ পর্যন্ত উইকেটে থেকেও দলকে শিরোপা এনে দিতে ব্যর্থ হয়েছিলেন তিনি।
তাই পাকিস্তানকে বিদায় করে দেওয়া ম্যাচ শেষে স্বভাবতই এলো পুরনো প্রসঙ্গ। তিনি বললেন: ২০১২ সালে এশিয়া কাপের ফাইনালটা এখনও আমার মনে আছে। এই জয় আমাদের ওই হারকে ভুলে যেতে সাহায্য করবে।
আজকের জয়ে বড় ভূমিকা ছিলো সৌম্য সরকারের ঝকঝকে ৪৮ রানের ইনিংসের। তরুণ এ ওপেনারের ও প্রশংসায় পঞ্চমুখ রিয়াদ বলেন, সৌম্য প্রথমেই আমাদের ভালো একটা শুরু এনে দিয়েছে। সে জানে কখন তাকে বড় শট খেলতে হবে।
১৮ ও ১৯তম ওভার ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ ছিলো উল্লেখ করে তিনি বলেন, আমি নিজেকে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যেতে চাইছিলাম। জানতাম ১৮ ও ১৯ তম ওভারে আমির এবং সামি বলে আসবে। আর ওই দু’ওভারেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে।







