দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি বাংলাদেশের নাগরিক। কারা এ রিপোর্ট করেছেন? তাদের কি আবার ২০০৮-এর জ্বালা উঠেছে নাকি? মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা?’
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ের সময় এক সাংবাদিক দ্বৈত নাগরিকত্বের বিষয়ে প্রশ্ন করলে এ প্রতিক্রিয়া জানান প্রতিমন্ত্রী।
হুমায়ূন কবীর বলেন, ‘আমি বাংলাদেশি। এখানে আসার এবং বাংলাদেশের জন্য কাজ করার অর্থই এটি। কোনো সুবিধাভোগী মানুষ এখানে কাজ করবে না।’
দ্বৈত নাগরিকত্ব থাকলে মন্ত্রিত্ব নেওয়ার ক্ষেত্রে আইনি বাধা এবং এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি সিটিজেনশিপ নিয়ে এসেছি, আর আপনারা বললেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো নাগরিকত্ব নিয়ে কাজ করতে এসেছি, আমরা কাজ করি।’
দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রকাশিত প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা প্রশ্নের মধ্যেই প্রতিমন্ত্রী তার বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি তুলে ধরে এ প্রতিক্রিয়া জানান।









