যোগাযোগে সীমাহীন দুর্ভোগ আর বাসস্থানের ব্যবস্থা না থাকায় হাওর অঞ্চলে শিক্ষকদের উপস্থিতি কম বলে মনে করেন তৃণমূলে কাজ করা একজন জেলা শিক্ষা কর্মকর্তা।
তিনি বলেন, হাওর ভাতা স্থায়ী সমাধান না হলেও তা চালু করা প্রয়োজন।
নেত্রকোণার বিশাল একটি অঞ্চল হাওর বেষ্টিত। হাওর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবকাঠামোগত ভাবে যেমন উন্নত নয়, তেমনি শিক্ষকরাও স্কুলে আসেন না সময় মতো।
কোনো কোনো হাওর অঞ্চলে ১০ ভাগেরও কম শিক্ষার্থী উপস্থিত থাকে। দীর্ঘ দিন হাওর অঞ্চলে কাজ করেছেন নেত্রকোণার জেলা শিক্ষা কর্মকর্তা সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, সমস্যা আছে অনেক।
এই কর্মকর্তা বলেন, ধান কাটা, মাছ ধরাসহ কাজের মৌসুমে শিশুরা স্কুলে আসে না। তাদের জন্য প্রনোদনার ব্যবস্থা করা প্রয়োজন।
আব্দুল ওয়াদুদ মনে করেন, হাওরের সব শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা প্রয়োজন। প্রয়োজন উঠান বৈঠক, মা সমাবেশের মতো সচেতনতামূলক কার্যক্রম।






