হাইড্রোজেন বোমা ইস্যুতে নর্থ কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে জাতিসংঘ। নিরপত্তা পরিষদ বলছে, নর্থ কোরিয়ার এ পদক্ষেপ বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য পরিষ্কার হুমকি। সাউথ কোরিয় ও জাপানসহ বিভিন্ন দেশ এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
বুধবার হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর ঘোষণা আসে নর্থ কোরিয়ার জাতীয় টেলিভিশনে। পুংগে-রি এলাকায় নর্থ কোরিয় নেতা কিম জং উনের জন্মদিনের আগে ভূমিকম্প ঘটিয়ে এ পরীক্ষা চালানো হয়। ২০০৬ সালের পর এটি নর্থ কোরিয়ার পরমাণু অস্ত্রের চতুর্থ পরীক্ষা। আর হাইড্রোজেন বোমার প্রথম পরীক্ষা।
নর্থ কোরিয়া থেকে বোমা পরীক্ষার ঘোষণা আসার পরই জরুরি বৈঠকে বসে সাউথ কোরিয়া। একে বিশ্ব শান্তির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট পার্ক জিউন হাই। রাশিয়া ও জাপান বলছে, এটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আইনের লঙ্ঘন।
নর্থ কোরিয়ার এ পদক্ষেপের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড গোটা অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে।
জরুরী বৈঠক শেষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বলছে, শিগগিরই নতুন করে নর্থ কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যদিও এর আগে জাতিসংঘ একাধিকবার নর্থ কোরিয়ার পারমাণবিক কার্যক্রম নিষিদ্ধ করে।
যুক্তরাষ্ট্র অবশ্য এখনো নর্থ কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার বিষয়ে নিশ্চিত নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে যে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিলো তার থেকেও কয়েকগুণ শক্তিশালী হাইড্রোজেন বোমা।







