এক বছর আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলায় সবচেয়ে বেশি সংখ্যক নাগরিক নিহত হয় ইতালির। সেদিনের নিহতদের স্বরণে ঘটনাস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ইটালির একটি প্রতিনিধিদল।
শনিবার সকাল ১১ টার দিকে বাংলাদেশে নিযুক্ত ইটালির রাষ্ট্রদূত মারিও পালমোসহ একটি দল ঘটনাস্থলে যান। পরে সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ৫ মিনিট নীরবতা পালন করেন তারা। এরপর নিহতদের স্মরণে প্রার্থনা করেন।
২০১৬ সালের ১ জুলাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে রাজধানীর অভিজাত গুলশান-২ নম্বর এলাকায়। সেখানে হলি আর্টিজান বেকারি ও রেস্তোরাঁয় জিম্মি করে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। যাদের মধ্যে ৯ জন ইটালি, ৭ জন জাপানি, ৩ জন বাংলাদেশি এবং ১ জন ভারতীয় নাগরিক ছিলেন।
জিম্মিদের উদ্ধার করতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরের দিন যৌথ বাহিনীর অভিযানে পাঁচ হামলাকারী জঙ্গিসহ ছয়জন নিহত হয়।







