২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জান্ডার কেজ’ মুক্তির পরে হলিউডে আর দেখা মেলেনি দীপিকার। জানা গেল রোমান্টিক কমেডি ঘরানার ছবি নিয়ে হলিউডে ফিরছেন অভিনেত্রী।
দুই দেশের দুই তরুণ তরুণীর প্রেমের গল্প নিয়ে তৈরি এই ছবিটি তৈরি করছে মার্কিন বিনোদন সংস্থা ইরোজ এসটিএক্স গ্লোবাল কর্পোরেশনের শাখা প্রতিষ্ঠান এসটিএক্সফিল্মস।
সোমবার খবরটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন এসটিএক্সফিল্মস-এর সভাপতি অ্যাডাম ফগেলসন। ছবিটি প্রযোজনার জন্য টেম্পল হিল প্রোডাকশন্সের সঙ্গে কথা চলছে এসটিএক্সফিল্মসের। ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দীপিকাকে।
বিবৃতিতে অ্যাডাম ফগেলসন বলেছেন, ‘দীপিকা বিশ্বের বড় একজন ভারতীয় তারকা। তিনি দারুণ মেধাবী ও ব্যক্তিত্বের অধিকারী একজন সুপারস্টার। ইরোজ ইন্টারন্যাশনাল ফিল্মসে এর আগেও সফলতা এনে দিয়েছেন তিনি। এবার তাকে নিয়ে আমরা রোমান্টিক কমেডি তৈরি করছি। আমরা বিশ্বাস করি এই প্রজেক্টটি দর্শকদের আনন্দ দেবে।’
ছবিটির সহ প্রযোজনায় আছে দীপিকার ‘কা প্রোডাকশন্স’। এই প্রসঙ্গে এক বিবৃতিতে দীপিকা জানিয়েছেন, ‘কা প্রোডাকশন্স প্রতিষ্ঠা করা হয়েছে অর্থবহ কনটেন্ট বিশ্বের কাছে গ্রহনযোগ্যভাবে তুলে ধরার জন্য। এসটিএক্সফিল্মস এবং টেম্পল হিল প্রোডাকশন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় কা প্রডাকশন্স এই লক্ষ্য পূরণের পরে এগুতে পারবে।’
দীপিকা বর্তমানে ‘পাঠান’ ছবির শুটিং করছেন। এই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাকে।








