হলমার্কের এমডি তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের ঋণ কেলেঙ্কারিসহ তিন মামলায় চার্জ গঠন করেছে আদালত। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ৩ মামলায় চার্জ গঠন ও ৯ মামলায় আদেশের দিন ধার্য করেন। অভিযোগ গঠন করা ৩ মামলার সাক্ষ্যগ্রহণও শুরু হবে ৩ মার্চ।
সোনালি ব্যাংকে ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মোট ১১টি দুর্নীতির মামলা দায়ের করে। ১১ মামলার মধ্যে তিনটি মামলার চার্জ গঠন হলেও বাকি ৯ মামলায় চার্জ গঠনে ৩ মার্চ আদেশের দিন ধার্য করেছেন আদালত। ওই ৯টি মামলার বিষয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বলে আসামিপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে।
হলমার্ক গ্রুপের এমডি তানভীর হোসেন ও চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ২৭ জনের বিরুদ্ধে ২০১২ সালের ৪ অক্টোবর ১১টি মামলা দায়ের করেছিল দুদক। মামলায় তাদের বিরুদ্ধে ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
হলমার্কের এমডি তানভীর মাহমুদ বর্তমানে কারাগারে আটক থাকলেও জামিনে আছেন চেয়ারম্যান জেসমিন ইসলাম।







