আন্তর্জাতিক একটি গবেষণা সংস্থার জরিপে বাংলাদেশের নাম স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় আসায় বিএনপি লজ্জিত বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, এতে প্রমাণিত হয় দেশে গণতন্ত্র নেই। এটি জাতির জন্য লজ্জাজনক। বিএনপির এতদিনের অভিযোগ আজ প্রমাণিত হয়েছে।
শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে ফখরুল এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ আজ বিশ্বে প্রমাণিত। এটি দেশের জন্য, জাতির জন্য একটি লজ্জাজনক ঘটনা।
২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বঘোষিত জনসভার অনুমতি নিতে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবে বলেও জানান ফখরুল।
স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি:
২৬ মার্চ সারাদেশে ভোর ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলের সিনিয়র নেতারা সকাল ৯টায় সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর বেলা ১১টায় জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন। এছাড়াও ২৭ মার্চ স্বাধীনতা শোভাযাত্রা করবে বিএনপি। ৩১ মার্চ আলোচনা সভা ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশনে।
মির্জা ফখরুল জানান, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি। জিয়াউর রহমানের জীবনের ওপর রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশের কার্যালয়ে আলোকসজ্জা করা হবে।
আগামী ২০ এপ্রিল পর্যন্ত সারা দেশের ৭৮ জেলা সাংগঠনিক সফর করবে বিএনপির সিনিয়র নেতারা। সে লক্ষ্যে ৩৭টিম গঠনের কথাও জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘এসব টিম সাংগঠনিক জেলাগুলোতে সভা-সমাবেশ ও কর্মীদের সাথে মতবিনিময় করবে। তবে সভা-সমাবেশ জেলাগুলোর রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে।’
বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়ার মুক্তি দাবি করে তার জামিন স্থগিতের নিন্দা জানানো হয় বিএনপির যৌথ সভায়। সভায় দলের চেয়ারপার্সন সহ সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিও করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন; বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম, বরকত উল্লাহ বুল, গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, হাবিবুর রহমান রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রমুখ।








