জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে তার বাসা থেকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন: সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের ধারাবাহিকতায় আজ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূলত দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী নেতৃত্বকে ধ্বংস করতেই বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করছে, আর তারই শিকার হলো জুয়েল।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জুয়েলকে গ্রেপ্তার করা হলেও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কেউ বিপর্যস্ত হবে না, বরং আরো বলীয়ান হয়ে বর্তমান ভোটারবিহীন শাসকগোষ্ঠীর চলমান নিপীড়ণ-নির্যাতনের বিরুদ্ধে আরো বেশি প্রতিবাদী হয়ে উঠবে। আমি আব্দুল কাদির ভূয়াই জুয়েলকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর রাজাবাজারের বাসা থেকে পুলিশ তাকে আটক করে। পর তাকে শেরে বাংলা নগর থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে।








