প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ায় উল্লেখযোগ্য হারে কমেছে শিশু ও মাতৃমৃত্যু। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট এ চক্ষু চিকিৎসকদের সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, নতুন নতুন রোগ প্রতিরোধে গবেষণা বাড়ানোর বিকল্প নেই।
এ সময় তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জে বেগম ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। এটার ওপর আরো গবেষণা করা হবে, যাতে মানুষ সেবা পায়। সেখান থেকে সেই ব্যবস্থা নেয়া হবে।
ইনস্টিটিউটগুলো একদিকে যেমন বিশেষজ্ঞ তৈরি করবে, অপরদিকে সেবার মান বাড়বে। তাছাড়া গবেষণার মাধ্যমে বের করা হবে আমাদের এই অঞ্চলের মানুষ কী কারণে অন্ধ হয় বা নানা রকম অসুখে ভোগে, সে ব্যাপারে ভাল জ্ঞান অর্জন সম্ভব বলে আমি মনে করি।’
শেখ হাসিনা বলেন, ‘মানুষের চিকিৎসা সেবা দেয়া আমাদের কর্তব্য, আমাদের সরকার তাই মনে করে। ইদানিং নতুন নতুন আরো রোগ দেখা দিচ্ছে। সেগুলোও কিভাবে মোকাবেলা করা যায়, সেগুলোর চিকিৎসা কিভাবে মানুষকে দেয়া যায়, সে বিষয়ে আরো সচেতনতা দরকার। চিকিৎসা সেবা আরো উন্নত করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া – এটাই হচ্ছে আমাদের লক্ষ্য।’





