প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে দায়িত্বহীন বক্তব্য এবং ডেঙ্গুর মহামারিকে গুজব বলে উড়িয়ে দেয়ায় ঢাকার দুই মেয়র এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেবও প্রকাশের দাবি করেছেন তারা।
রোববার দুপুরে টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে তারা স্বাস্থ্যমন্ত্রী, দুই মেয়রের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেন।
অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী এবং দুই মেয়রের পদত্যাগ দাবি করে মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন,’ঢাকার দুই মেয়র এবং স্বাস্থ্যমন্ত্রী তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের সব মেডিক্যাল হাসপাতালের পরিবেশ খুবই নোংরা। টয়লেটগুলো অপরিষ্কার। স্বাস্থ্যখাতে এতো বরাদ্দ থাকার পরও কেনো এরকম পরিবেশ? আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা মেডিক্যালের টয়লেটগুলো পরিষ্কার না করলে মুক্তিযুদ্ধ মঞ্চ এসব টয়লেট পরিষ্কার করে তাকে দেখিয়ে দিবে, কিভাবে পরিষ্কার করতে হয়। স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকা সিটির দুই মেয়র তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি কতো জাতির কাছে প্রকাশ করতে হবে। মশার ওষুধের পরিবর্তে কেরোসিন দিলে তো মশা নির্মূল হবে না। তাদের অবিলম্বে পদত্যাগ দাবি করছি।”
এসময় ডেঙ্গুর মহামারিকে গুজব বলে উড়িয়ে দেয়ায় ঢাকার দুই মেয়র এবং স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করেন মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোঃ আল মামুন। সেসময় মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










