স্বাধীনতার মাস উপলক্ষে সবাইকে নতুন একটি গান উপহার দিয়েছে ‘ভুবন মাঝি’ ছবির টিম। ‘ভুবন মাঝি’ ছবির ফেসবুক পেজে আজ শুক্রবার দুপুরে দ্বিজেন্দ্রগীতি ‘ধন ধান্য পুষ্প ভরা’র মিউজিক ভিডিও রিলিজ করা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিমূল ইউসুফ, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, বুশরা শাহরিয়ার, কোনাল, সালমা ও সাব্বির। মিউজিক ভিডিওতে তারা সবাই অংশ নিয়েছেন। শিরোনামে লেখা হয়েছে, ‘স্বাধীনতার মাসে ভুবন মাঝির নিবেদন।’
আজ ঢাকাসহ দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ভুবন মাঝি’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ছবির গল্প। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন খান। সরকারি অনুদানে তৈরি এই ছবির সহ–প্রযোজক রিফলেক্ট মিডিয়া কমিউনিকেশন লি.।
ফাখরুল আরেফীন খান বলেন, ‘আমরা আজ খুবই আনন্দিত। আজ আমাদের স্বপ্নের ফসল “ভুবন মাঝি” ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছি। সকাল থেকেই দর্শক প্রেক্ষাগৃহে আসছেন। তবে বিকালে দর্শকের সংখ্যা অনেক বেড়েছে। সবার জন্য আজ আমরা একটা গান উপহার দিয়েছি। আমরা বলছি “মার্চের গান”। গত মাসে আমরা গানটির মিউজিক ভিডিও তৈরি করেছি।’
‘ভুবন মাঝি’ ছবির ‘ধন ধান্য পুস্প ভরা’ গানের লিংক








