স্বাধীনতা দিবসে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে চ্যানেল আই ও আইএফআইসি ব্যাংক আয়োজন করেছে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। এই আয়োজনে অংশগ্রহণ করছেন দেশ বরেণ্য অর্ধশতাধিক চিত্রশিল্পী।
মুক্তিযুদ্ধের তাৎপর্যকে চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরার জন্য এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন দেশের আরেক বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। শিল্পীদের চিত্রাঙ্কনের মাঝে সংগীত পরিবেশন করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারা।
ক্যানভাসে রং তুলিতে নিজেদের নাম সাক্ষর ও ছবি এঁকে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দীন মাহমুদ মামুন, আইএফআইসি ব্যাংকের পরিচালক শাহ আলম সারোয়ার, বরেণ্য চিত্রশিল্পী বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, হাশেম খান, রামেন্দু মজুমদার, মনিরুল ইসলাম, মুস্তফা জামান আব্বাসী, সমরজিৎ রায় চৌধুরী, কেরামত মওলা, মামুনুর রশীদসহ খ্যাতিমান আরও অনেকে।
অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর বলেন, ‘প্রতি বছর আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে আসছি। আমরা চাই প্রতি বছর অন্তত ২৬টি নতুন মুক্তিযুদ্ধের চিত্র তৈরি হোক, যা থেকে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে আরও ভালোভাবে জানবে। আর ক্ষুদে যেসব শিল্পীরা আজ আছেন, তারা মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে কীভাবে দেখে, আমরা সেটাও জানতে পারব তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে’।
আইএফআইসি ব্যাংকের পরিচালক শাহ আলম সারওয়ার বলেন, ‘চ্যানেল আই সবসময় আমাদের দেশের সব চেতনার সাথে যুক্ত থাকে। আমরা চ্যানেল আইয়ের সাথে এই আয়োজনে সম্পৃক্ত থাকতে পেরে খুবই আনন্দিত’।
অনুষ্ঠান উদ্বোধন শেষে বিশেষ সম্মাননা দেয়া হয় চিত্রশিল্পী হাশেম খানকে। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। হাশেম খান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘যাকে দেখে ছবি আঁকা শিখেছি, তাঁর কাছ থেকে এই সম্মাননা পাওয়া আমার কাছে বিরাট পাওয়া’।
ছবি: জাকির সবুজ








