অটোগ্রাফ ও চতুস্কোণ এর পর সম্প্রতি থ্রিলার ধর্মী ‘ভিঞ্চি দা’র পোস্টার ও ট্রেলার রিলিজ দিয়েই সাড়া ফেলেছেন নির্মাতা সৃজিত মুখার্জী। সোশাল মিডিয়াতেও সেই রেশ চলছে। অথচ সৃজিত মুখার্জী ব্যস্ত হয়ে পেড়েছেন নতুন প্রজেক্ট নিয়ে!
এশিয়ান গেমসে সোনা জয়ী স্বপ্না বর্মণের বায়োপিক তৈরি করছেন সৃজিত মুখার্জী। ২০১৮-এর এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রথমবারের জন্য হেপ্টাথলন বিভাগে সোনা জয় করে সারা দেশকে গর্বিত করেছিলেন স্বপ্না।
স্বপ্না বর্মণের চরিত্রে অভিনয় করবেন সোহিনী সরকার। কিছুদিনের মধ্যেই এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য ওয়ার্কশপে যাওয়া শুরু করবেন বলে জানিয়েছেন সৃজিত।
সামাজিক মাধ্যমে সৃজিত একটি ছবি শেয়ার করেছেন যেখানে তিনি সোহিনী, অ্যাথলেট স্বপ্না এবং তার কোচ সুভাস সরকারের সঙ্গে বসে আলাপ করছেন। ছবিটি সামাজিক মাধ্যমে আসার পরে সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ছবি মুক্তির তারিখের বিষয়ে এখনও কিছু জানাননি সৃজিত।
মাত্র ২১ বছর বয়সে স্বর্ণ পদক জেতেন স্বপ্না। কিন্তু তার এই জয়ের পথ মসৃণ ছিল না। জন্ম থেকেই তার পায়ে ছিল তার ছয়টা করে আঙ্গুল। তবুও সব প্রতিকূলতা পেড়িয়ে তিনি সফলতা অর্জন করেছেন। – টাইমস অব ইন্ডিয়া








