বিশ্বকাপের পর চুক্তি মেয়াদ বাড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। যার ফলে এখন ফাঁকাই আছেন টাইগারদের সদ্য-সাবেক ফাস্ট বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। দেশে ফিরে অবশ্য চাকরি খোঁজা শুরুও করেছেন। জানাচ্ছেন, ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ হতে খুবই আগ্রহী তিনি।
২০১৬তে বাংলাদেশের পেস-বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন ওয়ালশ। ইংল্যান্ড বিশ্বকাপের পর তার সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহ দেখায়নি বিসিবি। এই অবস্থায় নিজের ইচ্ছার কথা প্রকাশ করতে দেরি করেননি ক্যারিবীয় সাবেক অধিনায়ক।
‘বাংলাদেশ দলের সাথে আমার চলাটা বেশ ভালোই ছিল এবং বিশ্বাস করি এখন আমার দেশে ফেরার সময় এসেছে। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্ট করে দিয়েছিলাম যে বিশ্বকাপের পরে আমাকে আর পাওয়া যাবে না। ওয়েস্ট ইন্ডিজ সবসময়ই আমার মনে ছিল এবং বিশ্বাস করি, এই নতুন খেলোয়াড়দের নিয়ে আমি দুর্দান্ত অবদান রাখতে পারব।’ দ্য জ্যামাইকান গ্লেনারকে ওয়ালশ বলেছেন এমনই।
২০০১ সালে অবসর নেয়ার পর থেকে ওয়ালশ ক্রিকেটে বিভিন্ন রকমের ভূমিকা রেখেছেন, ওয়েস্ট ইন্ডিজ দলের নির্বাচক এবং ২০১৪ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাহওয়াশের পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজারও ছিলেন। যেখানে বর্তমান টেস্ট খেলোয়াড় ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল এবং সুনীল আমব্রিসরা খেলেছেন।
টেস্টে সর্বাধিক উইকেটের সাবেক বিশ্ব রেকর্ডধারী ওয়ালশ বলেছেন, তিনি বিশ্বাস করেন, তার অভিজ্ঞতা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে অনেকদূর এগিয়ে নেবে।
‘আমি আন্তর্জাতিক খেলা সম্পর্কে অনেককিছু শিখেছি, বাংলাদেশের সঙ্গে থেকে সেটা বেশি হয়েছে। বিশ্বাস করি, এখনই এই অঞ্চলের (ক্যারিবীয়) উন্নতি করা দরকার।’
এমুহুর্তে ইংল্যান্ডে থাকা ওয়ালশ জানিয়েছেন, আসন্ন সিপিএল মৌসুমে জ্যামাইকা তালাহওয়াশের কাছে বোলিং কোচের ভূমিকার জন্য প্রথমে তার দিক থেকে যোগাযোগ করা হয়েছিল। তবে ৫৬ বছর বয়সী কিংবদন্তি জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি তার কাছে ফিরে আসেনি।
এরইমধ্যে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিট দ্য গ্লেনারকে বলেছেন, পরবর্তী বোর্ড সভা শেষে সেপ্টেম্বরে স্থায়ী হেড কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
স্কেরিট আরও যোগ করেছেন, কোচ নিয়োগের প্রক্রিয়াটি ডিসেম্বর অবধি চলতে পারে এবং যারাই নির্বাচিত হন তিনি আগামী ২০২০ সালের জানুয়ারি থেকে পরবর্তী আইসিসি বিশ্বকাপ পর্যন্ত চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
অন্তর্বর্তীকালীন কোচ ফ্লয়েড রেইফার বলেছেন, তিনি স্থায়ীভাবে এই ভূমিকা নিতে পছন্দ করবেন, যদিও পুরো ক্যারিবীয় অঞ্চল জুড়েই আলোচনা হচ্ছে এবং দ্য গ্লেনার বলছে, আয়ারল্যান্ড-উইন্ডিজ এবং আফগানিস্তানের সাবেক কোচ ফিল সিমন্স আবারও ফিরে আসার বিষয়ে আগ্রহী।







