‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’-এর পরে এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবির জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল ভক্তদের। আর যেন এমন অপেক্ষায় থাকতে না হয় সেজন্য নতুন একাধিক ‘স্পাইডারম্যান’ ছবির কাজ শুরু করে দেয়া হয়েছে ইতোমধ্যেই। খবরটি নিশ্চিত করেছেন মার্ভেল স্টুডিওর প্রেসিডেন্ট কেভিন ফিজ।
শুক্রবার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত সাক্ষাৎকারে কেভিন ফিজ বলেছেন, “অ্যামি এবং আমি ডিজনি ও সনির সঙ্গে কথা বলছি। পরবর্তী কয়েকটি ছবির কাজ শুরু করা হয়েছে। আমি চাই ‘ফার ফ্রম হোম’-এর পরে ভক্তদের যেমন দীর্ঘ প্রতীক্ষা করতে হয়েছে, তেমন সময় আর না আসুক।”
‘নো ওয়ে হোম’-এর প্রযোজক অ্যামি প্যাসকেল জানিয়েছেন, পরবর্তী ছবিগুলোতে টম হল্যান্ডকে নতুন ভাবে দেখা যাবে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’। ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ পরিচালনা করেছেন জন ওয়াটস। টম হল্যান্ড ছাড়াও অভিনয় করেছেন জেন্ডায়া, উইলেম ডেফো, জেমি ফক্স প্রমুখ। এই ছবিতে স্পাইডারম্যান বা পিটার পার্কারের ভূমিকায় ফিরেছেন টম হল্যান্ড।







