আশির দশকের অন্যতম জনপ্রিয় নায়িকা রোজিনা এবার পোশাকের মডেল হয়েছেন। বিশ্বরঙের মডেল হয়েছেন তিনি। সম্প্রতি এই ফ্যাশন হাউজের বিলবোর্ডের জন্য ফটোশুটে অংশ নেন রোজিনা। বিলবোর্ডের জন্য রোজিনার ছবিগুলো তুলেছেন সাফওয়াত খান সাফু।
রোজিনা বলেন, ‘প্রথমবারের মতো স্থিরচিত্রের মডেল হয়েছি। নতুন অভিজ্ঞতা। তবে ভালো লেগেছে। বিপ্লব সাহা আমাদের দেশের জনপ্রিয় একজন ফ্যাশন ডিজাইনার। তার অনুরোধেই কাজটি করা। শিগগিরই ঢাকার বিভিন্ন স্থানের বিলবোর্ডে আমার ছবিগুলো শোভা পাবে, ভাবতে ভালোই লাগছে।’
আশির দশকের জনপ্রিয় এই নায়িকা এক দশক আগে থেকে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন তিনি। রোজিনা সর্বশেষ ‘বিবিসাব’ নামের একটি টিভি নাটকে অভিনয় করেছেন।
রোজিনা জানান, তিনি নিজ গ্রাম গোয়ালন্দের কুমড়াকান্দিতে রাজাকার-আলবদরদের দ্বারা ক্ষতিগ্রস্ত একটি পরিবারের গল্প নিয়ে ‘বীরাঙ্গনা’ নামে একটি ছবি নির্মাণের পরিকল্পনা করেছেন। চিত্রনাট্য তিনিই লিখেছেন। পরিচালনার পাশাপাশি ছবিতে অভিনয়ও করবেন রোজিনা।








