বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে স্টেডিয়াম সংলগ্ন চারটি মাদ্রাসা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এর তিনটি মিরপুর এলাকায়, অন্যটি ফতুল্লায়। এছাড়া খেলার সময় স্টেডিয়ামে সব ধরণের ব্যানার বহনও নিষিদ্ধ থাকবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ চ্যানেল আই অনলাইনকে বলেন, জেলা প্রশাসন থেকে চিঠি দিয়ে কয়েকটি মাদ্রাসা বন্ধ রাখতে বলা হয়েছে। আমরা মাদ্রাসাগুলোর কাছ থেকে সেটা জানতে পেরেছি।
স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে, ১০-১৪ জুন নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টেস্ট ম্যাচের জন্য প্রায় স্টেডিয়াম ঘেঁষা রওজাতুস সালেহীন আলিম মাদ্রাসাটি বন্ধ থাকবে।
মাদ্রাসাটির প্রিন্সিপাল মাওলানা আব্দুস শাকুর পাঁচদিনের জন্য মাদ্রাসা বন্ধ রাখতে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
এছাড়াও মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮, ২১ এবং ২৪ জুন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সময় কাছের কাজীপাড়া এবং শেওরাপাড়ার তিনটি মাদ্রাসা বন্ধ রাখতে বলা হয়েছে। এগুলো হচ্ছে নূরানি মাদ্রাসা, সিরাজীয়া মাদ্রাসা এবং বায়তুল আমান মাদ্রাসা।
বাংলাদেশসহ ভারত, পাকিস্তান এবং শ্রীলংকার অংশগ্রহণে এশিয়া কাপ ক্রিকেটের সময়ও মাদ্রাসাগুলো বন্ধ রাখা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান হুসেইন ইমাম বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই স্টেডিয়াম সংলগ্ন মাদ্রাসা বন্ধ রাখতে বলা হয়েছে।







