স্টার সিনেপ্লেক্সে বাংলা চলচ্চিত্র সপ্তাহ: ইমপ্রেসের দুই ছবি
৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখাতেই চলবে বাংলা চলচ্চিত্র প্রদর্শনী...

স্টার সিনেপ্লেক্সে বাংলা চলচ্চিত্র সপ্তাহের দুটি ছবি, যেখানে এক ছবিতে একটি নারী ও পুরুষের ছবি এবং অন্য ছবিতে একটি ট্রেনের ছবি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বরাবরই মানসম্মত বাংলা ছবির পৃষ্ঠপোষকতায় এগিয়ে স্টার সিনেপ্লেক্স। হলবিমুখ মধ্যবিত্ত শ্রেণি রাজধানী শহরে সিনেপ্লেক্সের বদৌলতেই আবারও সিনেমা হলে এসে সিনেমা দেখতে শুরু করে। দর্শককে আরো ব্যাপকভাবে চলচ্চিত্রমুখী করতে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ হাতে নেন কর্তৃপক্ষ।
তারই ধারাবাহিকতায় এবার ৭ দিনব্যাপী বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। শুক্রবার (৬ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া চলচ্চিত্র সপ্তাহ শেষ হবে আগামি বৃহস্পতিবার (১২ নভেম্বর)।
সাত দিনে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখাতে দেখানো হবে বিভিন্ন সময়ে মুক্তি পাওয়া ব্যবসাসফল ও প্রশংসিত ৮টি চলচ্চিত্র। এরমধ্যে আছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আলোচিত দুই ছবি ‘কমলা রকেট’ ও ‘কৃষ্ণপক্ষ’।
এরমধ্যে ৬ নভেম্বর সীমান্ত সম্ভার, ১০ নভেম্বর এসকেএস টাওয়ার এবং ১১ নভেম্বর বসুন্ধরা সিনেপ্লেক্সে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’র তিনটি করে শো দেখতে পারবেন দর্শক। এছাড়া ৯ ও ১২ নভেম্বর সীমান্ত সম্ভার ও এসকেএস টাওয়ারে নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ এর তিনটি শো দেখানো হবে।
এছাড়াও বাকি ছবিগুলো হলো, আয়নাবাজি, দেবী, ঢাকা অ্যাটাক, শিকারি ও ন ডরাই।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে জানান, মানসম্মত বাংলা সিনেমার প্রচার ও প্রসারে সব সময়ই আন্তরিক স্টার সিনেপ্লেক্স। বাংলা সিনেমার প্রতি সাধারণ দর্শকের আগ্রহ জাগিয়ে তুলতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নেই। সপ্তাহব্যাপী বাংলা চলচ্চিত্র প্রদর্শনের এবারের উদ্যোগটিও তেমনি।
করোনা পরিস্থিতি বিবেচনায় ‘বাংলা চলচ্চিত্র সপ্তাহ’ অনুষ্ঠিত হলেও স্বাস্থ্যবিধি অনুযায়ি যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে মাল্টিপ্লেক্সটি। প্রতিটি হলের আসন সংখ্যার ৫০ শতাংশ টিকেট বিক্রি করা হবে। টিকেট ক্রয়ের ক্ষেত্রে নগদ অর্থ লেনদেন না করে অনলাইনে টিকেট নেয়াকে উৎসাহিত করছে তারা।






